সরকারের মেয়াদেই পার্বত্য চুক্তির বাস্তবায়ন হবে: গহওর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহওর রিজভী বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন হবে। তিনি বলেন, ‘পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি, এটা নিয়ে হতাশা আছে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস আয়োজিত পার্বত্য চুক্তি নিয়ে নীতিগত পরামর্শ প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে গওহর রিজভী এসব কথা বলেন।
গহওর বলেন, এই চুক্তি বাস্তবায়নে বিরোধিতা আছে। বিরোধিতাগুলো অতিক্রম করতে হবে। তিনি বলেন, চুক্তির পরবর্তী সময়ে বিগত ১৫ বছরে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি অনেক বদলে গেছে। পাহাড়ি সমাজও নানাভাবে বিভক্ত। সব প্রতিকূলতা বিবেচনায় নিয়ে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পার্বত্য চট্টগ্রামের ভূমি-সমস্যাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে গহওর বলেন, এই সংশোধনীতে পাহাড়িদের ১০০ ভাগ স্বার্থ রক্ষা করা হবে। পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহার নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অবস্থা ভালো নয়। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে। চুক্তির সঠিক বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ভূমিকা কমে আসবে।
সভায় ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোকাম্মেল হক বলেন, চুক্তি বাস্তবায়ন না হওয়াটা লজ্জাজনক। এটা সরকারের রাজনৈতিক ব্যর্থতা।
অনুষ্ঠানে ককাসের সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমলাতান্ত্রিক জটিলতা চুক্তি বাস্তবায়নের বড় অন্তরায়। সভায় মূল প্রবন্ধ পড়েন ককাসের সমন্বয়কারী মেজবাহ কামাল।