আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হলে সরকারের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে।গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। তিনি বলেন, যখন তখন নির্বাচনের প্রশ্ন তোলা গণতান্ত্রিক মনোভাবের পরিচয় বহন করে না।বিএনপির আন্দোলনের হুমকি সম্পর্কে হানিফ বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলনের মাধ্যমে এ দলটির জন্ম ও বিকাশ। তবে বিএনপির আন্দোলনের জবাবে আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেবে না বলে তিনি জানান।মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে খালেদা জিয়া বিশেষ বিমানে সৌদি আরবে বিপুল পরিমাণ অর্থসম্পদ পাচার করেছেন। সৌদি আরবে সে সময় কী কী সম্পদ পাচার করা হয়েছে, তা জাতি জানতে চায়। সরকার তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করছে।খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোর বিরুদ্ধে আদালতে ঝুলে থাকা মামলা নিষ্পত্তি প্রসঙ্গে হানিফ বলেন, সব নাগরিকই আইনের দৃষ্টিতে সমান। তারেক-কোকো আইনের ঊর্ধ্বে নন। সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে বলে বিএনপির অভিযোগ অজ্ঞতাপ্রসূত ও শঠতাপূর্ণ।সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে মাত্রাতিরিক্ত মিথ্যাচার, তথ্য বিকৃতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে এর নিন্দা জানানো হয়।সংবাদ সম্মেলনে খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, আমিনুল ইসলাম, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।