সরকারের মেয়াদেই পার্বত্য চুক্তির বাস্তবায়ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন হবে। তিনি বলেন, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি, এটা নিয়ে হতাশা আছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস আয়োজিত পার্বত্য চুক্তি নিয়ে নীতিগত পরামর্শ প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে গওহর রিজভী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই চুক্তি বাস্তবায়নে বিরোধিতা আছে। বিরোধিতাগুলো অতিক্রম করতে হবে। চুক্তি-পরবর্তী ১৫ বছরে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি অনেক বদলে গেছে মন্তব্য করে তিনি চুক্তি বাস্তবায়নে পাহাড়ি নেতৃত্বকে আরও ‘বাস্তববাদী’ হওয়ার পরামর্শ দেন। গওহর রিজভী ভূমি সমস্যাকে পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন। পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে ভালো নয়। চুক্তির সঠিক বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ভূমিকা ক্রমশ কমে আসবে।সভায় ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোকাম্মেল হক বলেন, চুক্তি বাস্তবায়ন না হওয়াটা লজ্জাজনক। এটা সরকারের রাজনৈতিক ব্যর্থতা। অনুষ্ঠানে ককাসের সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমলাতান্ত্রিক জটিলতা চুক্তি বাস্তবায়নের বড় অন্তরায়। পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে শুধু পাহাড়ের সমস্যারই সমাধান হবে না, এর ফলে দেশের ঐক্যও সমন্বিত হবে। সভায় মূল প্রবন্ধ পড়েন সংসদীয় ককাসের সমন্বয়কারী মেজবাহ কামাল। আলোচনা করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, সাংসদ ফজলে হোসেন বাদশা, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং প্রমুখ।