সরকারের রাজস্ব বাড়ল ১০ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুরের মৈনট খেয়াঘাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলে আসছে। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ওই ঘাটের ইজারা হতো ৮ থেকে ১০ লাখ টাকায়। সরকারি রাজস্ব হিসেবে ওই পরিমাণ অর্থ দেখানো হতো। এর বাইরে অতিরিক্ত ৩০-৩৫ লাখ টাকা আদায় করে নিতেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
এবার হঠাৎ করে সেই দৃশ্যপট পাল্টে গেছে। ওই খেয়াঘাটই এবার এক কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আবদুল কুদ্দুস মাঝি। মূল্য সংযোজন করসহ (ভ্যাট) তাঁকে দিতে হবে এক কোটি ২০ লাখ টাকা। গত ২৮ এপ্রিল দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত পাঁচ বছরে দোহার উপজেলার বিভিন্ন ঘাট ও হাটের ইজারা হতো উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতালেব খানের কথামতো। সাবেক ইজারাদার আজিজ মোল্লা বলেন, সরকারের খাতে ১০ লাখ টাকা জমা দিলেও প্রতিবছরই মোতালেব খানকে দিতে হতো ৩০-৩৫ লাখ টাকা।
এ ব্যাপারে মোতালেব খানের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে সংযোগটি বন্ধ পাওয়া যায়। নির্বাচন-পরবর্তী সহিংসতাসহ বিভিন্ন মামলায় তিনি বর্তমানে গা ঢাকা দিয়ে থাকছেন বলে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানিয়েছেন।
মৈনট খেয়াঘাটের অপর পাড়ে রয়েছে চর ভদ্রাসন খেয়াঘাট। এই দুটি ঘাট দিয়ে ফরিদপুর, রাজবাড়ী ও মাদারীপুরের বিপুলসংখ্যক লোক ঢাকায় যাতায়াত করেন।