সরকারের রোহিঙ্গা নীতিকে নিষ্ঠুর ও অমানবিক বলল হিউম্যান রাইটস ওয়াচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারের রোহিঙ্গা নীতি নিষ্ঠুর ও অমানবিক বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা বন্ধ রাখতে আন্তর্জাতিক তিনটি দাতব্য সংগঠনকে সরকার যে নির্দেশ দিয়েছে, তা শিগগির প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনটি। মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গারা যাতে বাংলাদেশে আশ্রয় নিতে পারে, এ জন্য সীমান্ত খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছে। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা গত বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানায়।মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের এ দেশে পালিয়ে আসায় উৎসাহ জোগানোর অভিযোগে গত জুলাইয়ের শেষ দিকে সরকার তিনটি দাতব্য সংগঠনকে কক্সবাজার ও এর আশপাশের এলাকায় আশ্রয় নেওয়া অন্তত দুই লাখ রোহিঙ্গাকে সহায়তা বন্ধ রাখার নির্দেশ দেয়। সংগঠন তিনটি হলো: ডক্টরস উইদাউট বর্ডার্স, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার ও মুসলিম এইড ইউকে।সরকারের এই নীতির সমালোচনা করে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বাস্তু প্রকল্পের পরিচালক বিল ফ্রেলিক বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সরকার ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে, যাতে স্বদেশে নির্মম নির্যাতনের শিকার হয়েও রোহিঙ্গারা মিয়ানমার থেকে এ দেশে আর পালিয়ে না আসে। সরকারের এই নীতি নিষ্ঠুর ও অমানবিক বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া শিগগির এই নীতি পরিহারে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মধ্য জুন থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে আসা অন্তত এক হাজার ৩০০ রোহিঙ্গাকে জোর করে আবার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। অথচ এই রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যা, নির্যাতন, লুণ্ঠনসহ অন্যান্য জাতিগত সহিংসতার শিকার হয়ে পালাতে বাধ্য হয়।সরকার বলে আসছে, কক্সবাজার ও এর আশপাশের এলাকায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সামাল দিতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। নতুন করে আর শরণার্থীর অনুপ্রবেশের সুযোগ দেওয়া সম্ভব নয়। সরকারের অভিযোগ, ওই তিনটি দাতব্য সংগঠন ওষুধ ও অন্যান্য সহায়তা দেওয়ার নামে রোহিঙ্গাদের স্বদেশ ছেড়ে এ দেশে আশ্রয় নেওয়ার ব্যাপারে উৎসাহ জুগিয়ে আসছিল। এএফপি।