সরকারের লক্ষ্য মানুষের ভোগান্তি কমানো: নানক

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আমাদের সরকারের লক্ষ্য মানুষের ভোগান্তি কমানো।’ আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘তুচ্ছ বিষয় বা ছোটখাটো বিরোধ নিয়ে মানুষ যাতে থানায় বা আদালতের আঙিনায় গিয়ে ভোগান্তির শিকার না হয়, সুবিচার পাওয়ার আশায় মামলায় জড়িয়ে মানুষ যাতে সর্বস্বান্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা গ্রাম আদালতকে অধিকতর কার্যকর করার চেষ্টা করছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও ইউপির সচিবদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁরা যেন সুষ্ঠুভাবে গ্রাম আদালত পরিচালনা করতে পারেন এবং সাধারণ মানুষের কল্যাণ সাধন করতে পারেন।’
চেয়ারম্যানদের উদ্দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রাম আদালত আইন আপনাদের বিচারকের মর্যাদা দিয়েছে। আপনারা একদিকে যেমন জনপ্রতিনিধি, তেমনি বিচারকও। আমরা আশা করব আপনারা ন্যায়বিচার করবেন, ন্যায়বিচারের উদাহরণ সৃষ্টি করবেন। আপনারা মানুষের কল্যাণে নিবেদিত হবেন, মানুষের কল্যাণ সাধন করবেন।’ তিনি জানান, চেয়ারম্যানদের কাজের ওপর নির্ভর করছে সরকারের সাফল্য। চেয়ারম্যানদের মাধ্যমে সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারে বলে মন্তব্য করেন নানক।
অনুষ্ঠানে জানানো হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ‘অ্যাকভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্প’-এর আওতায় ৩৫০টি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে গ্রাম আদালতে বিচারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ইউপির ৩৬ জন চেয়ারম্যানকে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।
স্থানীয় সরকার সচিব আবু আলম মুহাম্মদ শহীদ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ইউএনডিপির বাংলাদেশে প্রতিনিধি পওলিন টেমেসিস প্রমুখ।