
সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস ও নাশকতায় আক্রান্তদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ আন্দোলন। এ ছাড়া সরকারকে শক্ত অবস্থান নেওয়া ও ‘যুদ্ধাপরাধী এবং সহিংস’ দল হিসেবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করেছে। তাণ্ডবের শিকার বিভিন্ন এলাকায় সরেজমিন সফরের পর গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান ও দাবি জানানো হয়।
২২ ও ২৩ ডিসেম্বর সাতক্ষীরার কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনির বিভিন্ন সন্ত্রাসকবলিত এলাকা পরিদর্শন শেষে সেখানকার অবস্থা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আক্রান্ত এলাকার অনেকে দেশত্যাগ করতে বাধ্য হচ্ছেন। সংখ্যালঘু ও ক্ষমতাসীন আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাস চরম আকার নিলেও জাতীয় পর্যায়ের নেতা-কর্মীরা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন না।
সাংবাদিক আবেদ খানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সাতক্ষীরা সফরে গিয়েছিলেন।
‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর আহ্বায়ক আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘মুক্তিযুদ্ধে জামায়াত যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, এখনো একইভাবে সেসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।...সাতক্ষীরায় শুধু খুন-হত্যা চলছে তা নয়, মানুষের সাধারণ জীবনযাপনও বাধাগ্রস্ত হচ্ছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।’
সুলতানা কামাল জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আবেদ খান সহিংসতাকবলিত সাতক্ষীরার অবস্থা নিয়ে তৈরি করা একটি প্রতিবেদন পড়ে শোনান। এতে বলা হয়, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পাঁচ মিনিটের মাথায় জামায়াতের কর্মীরা কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। জেলার কুচপুকুরে নয় বছরের শিশু রিয়াদকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঘটনার ধরন প্রমাণ করে, নির্বাচনের বিরোধিতা করা নয়; জামায়াত-শিবির নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তারই প্রতিক্রিয়া এ সহিংসতা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী।