সরকারের শীর্ষ পর্যায়ে কিছুটা দুর্নীতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সরকারের শীর্ষ পর্যায়ে এখনো কিছুটা দুর্নীতি হচ্ছে। তবে বর্তমান সরকারের আমলে দুর্নীতি অনেকখানি কমেছে।’ গতকাল শুক্রবার সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত বর্ধিত সভায় অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে দুর্নীতি পুরোপুরি রোধ হয়েছে, এটা বলা যাবে না। তবে উচ্চপর্যায়ের দুর্নীতি আগের তুলনায় অনেক প্রশমন করা সম্ভব হয়েছে।’ পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতির ষড়যন্ত্র হয়েছিল এবং তা সরকার প্রথম থেকে নস্যাৎ করে দিয়েছে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে এবং নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, ততই অন্য দলগুলো অন্তর্বর্তীকালীন সরকার ইস্যুতে সমঝোতায় আসবে।’ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।