সংবাদপত্রশিল্প ও সম্প্রচারমাধ্যমের নানা সমস্যা সমাধানে সরকারের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতারা। গতকাল মঙ্গলবার এক যৌথ সভায় তাঁরা এ ব্যাপারে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
বৈঠকে দুই সংগঠনের নেতারা বলেন, বৈশ্বিক প্রবণতার অংশ হিসেবে এ দেশেও সংবাদপত্রশিল্প রুগ্ণ হয়ে পড়ছে, আয় কমছে, নানা ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে সংবাদপত্রশিল্পকে। সেই সঙ্গে বিজ্ঞাপনের রাজস্ব কমে যাচ্ছে। অথচ বিনিয়োগের আকার বাড়াতে হচ্ছে। এ রকম পরিস্থিতিতে নতুন করে নবম ওয়েজ বোর্ড কার্যকর হলে সংবাদপত্রশিল্প আরও চাপের মুখে পড়বে।
সংগঠনের নেতারা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ এবং প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯ ধারা হিসেবে ৫৭ ধারাকেই ফিরিয়ে আনার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, দেশে অনলাইন সংবাদমাধ্যম নিয়ন্ত্রণে জাতীয় অনলাইন নীতিমালা করা হলেও গুগল, ইউটিউব, ভিএএস নীতিমালা নেই।
যৌথ সভায় নোয়াবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মতিউর রহমান, এ কে আজাদ, মাহ্ফুজ আনাম, এ এস এম শহিদুল্লাহ খান, এম শামসুর রহমান, তারিক সুজাত, দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ। অ্যাটকোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সালমান এফ রহমান, মোজাম্মেল বাবু, কাজী জাহিদুল হাসান, শেখ কবীর হোসেন, ফারজানা মুন্নি, আরিফ হাসান প্রমুখ।