সরকারের সঙ্গে সাংসদদের ব্যবসা করার সুযোগ দিতে চায় আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) (১২/১/কে ধারা) সাংসদদের ব্যবসার বিষয়ে যে বিধিনিষেধ আছে, তা শিথিল অথবা বাদ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া সংসদীয় কমিটি আরপিওর ১২/এন ধারায় বিলখেলাপিদের নির্বাচনে অযোগ্য করা-সংক্রান্ত ধারাটি বাতিলের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই ধারাটি বাতিল হলে খেলাপি বিলের কারণে কাউকে নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করা যাবে না।
গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠক হয়। তবে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা-সম্পর্কিত ১২/১/কে ধারাটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়।
বৈঠক সূত্র জানায়, নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয় আরপিওর ১২/১/কে ধারাটি বহাল রাখার পক্ষে জোরালো যুক্তি উত্থাপন করে। তা সত্ত্বেও কমিটির সভাপতিসহ দু-একজন সদস্য ধারাটি নিয়ে আরও বিশদ আলোচনা এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত নেওয়ার সিদ্ধান্ত নেন।
ফজলে রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, হুট করে আরপিওর যেকোনো ধারা বাদ দেওয়া যায় না। তাই কমিটি ১২/১/কে ধারাটি নিয়ে আরও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত নেওয়ার জন্য আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরপিও সংশোধন বিল গত ৩০ সেপ্টেম্বর সংসদে উত্থাপিত হয়। এতে দালাল আইন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রস্তাবিত আইনটি সংসদীয় কমিটি যাচাই-বাছাই করছে।
কমিটি আরপিও সংশোধন বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য গত রোববার প্রথম বৈঠক করে। সেই বৈঠকে সরকারি দলের সাংসদ এনামুল হকের (রাজশাহী-৪) একটি চিঠিকে কেন্দ্র করে ওই ধারাটি আলোচনায় আসে। এনামুল হক প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা-সম্পর্কিত এই ধারাটিকে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এটি বাতিলের আবেদন জানান।
এনামুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আইনি ব্যাখ্যা দাবি করে। গতকালের বৈঠকে কমিশন থেকে এ বিষয়ে ব্যাখ্যা উপস্থাপন করা হয়। কমিশন বলেছে, ধারাটি ১৯৭২ সাল থেকে আরপিওতে আছে। এ নিয়ে কখনো কোনো বিতর্ক হয়নি। সাংসদদের কাজের স্বচ্ছতার জন্য ধারাটি বহাল রাখা উচিত। কমিশন আরও বলেছে, ধারাটির সঙ্গে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, কোনো ব্যক্তির সঙ্গে সরকারের ব্যবসায়িক সম্পর্ক থাকলে সংসদ নির্বাচনে ওই ব্যক্তি প্রার্থী হতে পারবেন না—এই আইন ১৯৭২ সাল থেকে আরপিওতে আছে। এই ধারা যৌক্তিক বলেই এ নিয়ে কখনো কোনো প্রশ্ন ওঠেনি। দুই-চার-দশজন ব্যবসায়ী সাংসদের স্বার্থরক্ষা করতে গিয়ে ধারাটিতে পরিবর্তন আনা ঠিক হবে না। এই ধারাটি শিথিল করা হলে সব সাংসদ ব্যবসায় নেমে পড়বেন এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ফায়দা নিতে শুরু করবেন।
সূত্র জানায়, বৈঠকে কমিটির দুজন সদস্য ধারাটি বহাল রাখার পক্ষে জোরালো মত দেন। তাঁরা বলেন, একজন সাংসদ যদি সরকারের সঙ্গে ব্যবসার সুযোগ পান, তাহলে তিনি সংসদের কাজ ফেলে ব্যবসায় বেশি মনোযোগী হবেন এবং ব্যবসার প্রসারে নিজের প্রভাব খাটাবেন। এটি নৈতিকভাবে মানা যায় না।
একজন সাংসদ প্রথম আলোকে বলেন, সাংসদ এনামুল হকের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সরকারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালানোর অভিযোগ আছে। এ জন্য দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছিল। তাই তিনি আরপিও থেকে ধারাটি বাতিলের আবেদন করেছেন।
কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে গতকালের বৈঠকে রহমত আলী, জিয়াউর রহমান, নুরুল ইসলাম সুজন ও ফজিলাতুন নেসা উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক, যুগ্ম সচিব জেসমিন টুলী এবং সংসদ ও লেজিসলেটিভ বিভাগের সচিব শহিদুল হক।