বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘স্বাভাবিক’ নয়। গত ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন হয়নি। যুক্তরাষ্ট্র আশা করে, একটি নতুন নির্বাচনের জন্য সংলাপ হবে।
মজীনা গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের উচিত বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া। বিরোধী দলের উচিত সে সুযোগ দায়িত্বসহকারে ব্যবহার করা।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, জনগণের স্বার্থে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের সঙ্গে সম্পৃক্ত কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জানান, উপজেলা নির্বাচন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। মধ্যবর্তী নির্বাচন-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংলাপ, সমঝোতার ভিত্তিতে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছেন। এটি একটি ভালো ধারণা।
যুক্তরাষ্ট্রে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রবেশ নিষিদ্ধে মার্কিন দূতাবাসের সুপারিশ সম্পর্কে উইকিলিকসের খবর প্রসঙ্গে মজীন বলেন, এসব ক্লাসিফাইড বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন না। এগুলো অনেক সময় বিভ্রান্তিকর হয়।
ইউকিলিকসের ফাঁস করা তথ্যে বলা হয়, ২০০৮ সালের ৩ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো গোপন বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস রাজনৈতিক দুর্নীতি করায় তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দিতে ওয়াশিংটনকে সুপারিশ করেছিল।
খালেদা জিয়ার সঙ্গে মজীনার বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসন বলেছেন, এই তথাকথিত সরকারের ওপর মানুষের আস্থা নেই। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। এটি ৫ জানুয়ারির নির্বাচনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ৫ শতাংশ মানুষও ভোট দিতে আসেনি।
শমসের মবিন বলেন, খালেদা জিয়া মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, দেশ একটি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণের উপায় একটি—তা হলো, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দ্রুত সংলাপ শুরু করা। এর মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এটিই একমাত্র পন্থা।
ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ওসমান ফারুক ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।