সরকারের সঙ্গে ‘হীরক রাজার দেশে’র তুলনা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘হীরক রাজার দেশে’র শাসকদের সঙ্গে তুলনা করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষকে অনাহারে থাকার পরামর্শ কেবল হীরক রাজার দেশের শাসকেরাই দিয়েছিলেন। গতকাল শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিল-পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন।গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান এক আলোচনা সভায় খাদ্যমূল্য কমাতে ও ভেজাল প্রতিরোধের জন্য সবাইকে কম খাওয়ার পরামর্শ দেন। বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এ যেন হীরক রাজার দেশ। ওই রাজা জনগণকে খাবার দিতে পারবেন না। এ জন্য তিনি প্রজাদের কম খেতে পরামর্শ দিতেন।’প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে চলচ্চিত্রে রাজার সভাকবি প্রজাদের কম খাওয়ার বিষয়ে একটি শ্লোকের মতো সংক্ষিপ্ত ছড়া রচনা করেন। ওই ছড়াটি রাজা তাঁর রাজ্যের শ্রমিকদের শোনাতেন। এটি হলো: ‘অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ।’ মির্জা ফখরুল বলেন, ‘জিনিসপত্রের আকাশচুম্বী দামের কারণে দেশের মানুষ ভালো নেই। এই সরকারদলীয়রা কেবল খাবে, অন্যরা না খেয়ে থাকবে।’ তিনি সবাইকে ‘ব্যর্থ’ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।