সরকারের সদিচ্ছার ইঙ্গিত, বিএনপির পক্ষে গণরায়
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে ৯৭টি উপজেলার ভোট গ্রহণে বিএনপির নেতৃত্বাধীন জোটের উল্লেখযোগ্য বিজয় রাজনীতিতে কী ইঙ্গিত দিচ্ছে—এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এক নেতা বলেন, এটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের সদিচ্ছারই ইঙ্গিত। অন্যদিকে বিএনপির একজন নেতা বলেন, এটি আসলে বিএনপির পক্ষে জনগণের রায়।
গত শনিবার রাতে রাজশাহীতে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপের ৬১তম পর্বে দেশের প্রধান দুই দলের দুজন নেতা এ রকমই মত প্রকাশ করেন। রাত আটটায় নগরের পাঠানপাড়া এলাকায় পদ্মার পাড়ে লালন শাহ মুক্তমঞ্চে এ সংলাপ হয়। সংলাপে দর্শক সারি থেকে বেশির ভাগ মতামত আসে বিএনপির পক্ষে। বাংলাদেশ নিয়ে সম্প্রতি আল-কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরির কথিত ভিডিও বার্তার বিষয়টিও আলোচিত হয় অনুষ্ঠানে।
বিবিসির সংবাদদাতা আকবর হোসেনের সঞ্চালনায় আলোচক হিসেবে অংশ নেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুল হান্নান এবং রাজশাহী জেলা উইমেন বিজনেস ফোরামের সভাপতি রোজেটি নাজনীন।
সংলাপের প্রধান আলোচ্য বিষয় ছিল উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল। এ প্রসঙ্গে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এটা স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন নয়। যাঁরা একে জনপ্রিয়তা যাচাইয়ের কথা বলছেন, তাঁরা রাজনৈতিক ভাষায় কথা বলছেন। এ নির্বাচন ও ফলাফলের মধ্য দিয়ে এটাই ইঙ্গিত দিচ্ছে, এই সরকারের অধীন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’
মিজানুর রহমান বলেন, ‘৫ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আমাদের আহ্বান ছিল বর্জনের। আমাদের ডাকে সাড়া দিয়ে মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। আর এই উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীদের জয় এটাই ইঙ্গিত দেয়, বেশির ভাগ জনগণ বিএনপির পক্ষে রয়েছে।’