সরকারের সন্ত্রাসে দেশ কারাগারে পরিণত: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকারের সন্ত্রাসের কারণে দেশ এক নিষ্ঠুর কারাগারে পরিণত হয়েছে। সারা দেশ নিপীড়ন, নির্যাতন ও দুর্নীতির বৃত্তে ঘুরপাক খাচ্ছে।
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল নেতা আবুল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এবং হামলাকারীদের শাস্তি দাবি করেন। মির্জা ফখরুল সরকারকে হুঁশিয়ার করে বলেন, অত্যাচার-নির্যাতন করে কিছু সময়ের জন্য ক্ষমতার দাপট দেখানো যায়, কিন্তু তার পরিণতি কখনোই শুভ হয় না।
বহিষ্কারাদেশ প্রত্যাহার: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা বিএনপির সদস্য আবিদুর রহমান খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েক দিন আগে বহিষ্কার করা হয়েছিল।