সরকারের সমালোচনা করে বের হওয়ার পথে আটক খন্দকার মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়  প্রেসক্লাবের সামনে থেকে আটক করা হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে। ছবি: হাসান রাজা।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আটক করা হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে। ছবি: হাসান রাজা।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন নিয়ে সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়ে বের হওয়ার পথে আটক করা হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে। আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

খন্দকার মাহবুবকে আটক করে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান।

এর আগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন ৫ জানুয়ারির নির্বাচনকে ‘কলঙ্কিত নির্বাচন’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই নির্বাচনের ওপর কোনো বৈধ সরকার হতে পারে না। যাঁরা বলছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচন, তাঁরা সঠিক কথা বলছেন না।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এখনো সময় আছে, গণতন্ত্রের কাতারে আসুন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী। অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।