সরকারের সমালোচনায় এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, চারদলীয় জোটের দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে মানুষ মহাজোটকে ভোট দিয়েছিল। আমরা মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। আমাদের অর্জন ধরে রাখতে হলে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, কৃষি, শিক্ষা ও খাদ্যে সাফল্য অর্জন করলেও আমরা আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। দিনদুপুরে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। সাংসদদের বাড়িতে চুরি-ডাকাতি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে একটি মহল এসব করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এস এম আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, মহিলা দলের সভানেত্রী নুর-ই হাসনাত চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ জাহিদ মালেক স্বপন, সাংসদ এ বি এম আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সম্মেলন শেষে এরশাদ এস এম মান্নানকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন।