বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘সরকারের সময় শেষ, তাই পুলিশ প্রশাসন কাজ করছে না। তারা হাত গুটিয়ে ফেলেছে। সরকারকে বলব, এখনো সময় আছে, ভয়াবহ পরিণতির আগেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে পদত্যাগ করুন। নইলে পালাবার পথ পাবেন না।’গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে ৭ নভেম্বর ‘বিপ্লব ও জাতীয় সংহতি’ দিবসের এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।গতকাল মন্ত্রিসভায় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়ার সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, বিদ্যুৎ খাতে আরও দুই বছর দুর্নীতি এবং জনগণের পকেট থেকে অর্থ লুটপাট করার জন্য এ আইনের মেয়াদ বাড়ানো হচ্ছে। শিশু পরাগকে উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে তিনি বলেন, ‘পরাগকে উদ্ধারের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ উদ্ধার করেছে। কিন্তু র্যাবের অধিনায়ক বলেছেন, ৫০ লাখ টাকার বিনিময়ে পরাগ উদ্ধার পেয়েছে।’সংলাপে যাবে না বিএনপি: গতকাল জাতীয় প্রেসক্লাবে পৃথক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন দলের সঙ্গে যে সংলাপের আয়োজন করছে, তাতে বিএনপি অংশ নেবে না।জামায়াত ধরার নামে বাণিজ্য চলছে: এর আগে সকালে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের ছুতো পেয়ে সরকারি বাহিনীগুলো বাণিজ্যে নেমেছে। ঢাকায় ছাত্রদের বিভিন্ন মেস থেকে পুলিশ শিবিরের নামে অনেককে গ্রেপ্তার করে এনে টাকার বিনিময়ে কাউকে কাউকে ছেড়ে দিচ্ছে। এভাবে তারা একদিকে বিরোধী দলকে নির্মূল, অন্যদিকে নিরীহ মানুষকে হয়রানি করছে।