
>এনজিওগুলো বলছে, কৃষি খাতে এ ধরনের বিমা চালু রাখা তাদের পক্ষে এককভাবে সম্ভব নয়। কারণ এগুলো বেশির ভাগ ক্ষেত্রে লাভজনক হয় না।
বন্যার কারণে দেশের কৃষকেরা প্রায় প্রতিবছর কমবেশি ফসলহানির শিকার হন। এই ক্ষতি পোষাতে পরীক্ষামূলকভাবে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো বন্যাবিমা চালু করেছে। কিন্তু নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার কারণে তা পুরোপুরি সফল হচ্ছে না। সরকারের সহযোগিতা ছাড়া তা সফল করা সম্ভবও নয়। ভারতসহ পৃথিবীর অনেক দেশেই এ ধরনের বিমা সরকারের সহযোগিতা দিয়ে থাকে। সরকারের সহযোগিতা ছাড়া তা সফল করা সম্ভব নয়।
প্রথম আলোর আয়োজনে ‘বন্যার ঝুঁকি মোকাবিলায় আপৎকালীন বিমা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে দেশের বিমা খাতের নেতারা এসব মন্তব্য করেছেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারি সংস্থার প্রতিনিধিরা রাষ্ট্রীয় উদ্যোগে নানা ধরনের দুর্যোগ বিমা চালু হওয়ার তথ্য উল্লেখ করে বলেন, এসব বিমা চালু করে খুব বেশি সফল হওয়া যায়নি। তবে বন্যার আগাম তথ্য পেলে কৃষকের ক্ষতি কম হবে। বিমা কোম্পানিগুলো বন্যাবিমা চালু করতে আগ্রহী হবে। এই মন্তব্য করে তাঁরা বলেন, এ জন্য দেশের বন্যা পূর্বাভাসব্যবস্থাকে উন্নত করতে হবে।
বৈঠকে সরকারের ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথোরিটির (আইডিএ) সদস্য এম মোশাররফ হোসেন তাঁর বক্তৃতায় বলেন, বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিগুলোর বন্যাবিমা নিয়ে অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতার কথা তারা সরকারকে জানাতে পারে। তাহলে এ ধরনের বিমা নিয়ে নীতি তৈরি করতে সুবিধা হবে।
প্রগতি ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম বলেন, প্রগতি ইনস্যুরেন্স ২০১৩ সাল থেকে বন্যাবিমা চালু করেছে। প্রথম দুই বছর কোনো লোকসান হয়নি। কিন্তু তৃতীয় বছর ১৬৫ শতাংশ লোকসান গুনতে হয়েছে। শুধু অক্সফামের সহযোগিতার কারণে তা চালু রাখা গেছে। কিন্তু দীর্ঘমেয়াদি এ ধরনের কর্মসূচি চালু রাখতে হলে সরকারের সহযোগিতা লাগবে।
গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানির জ্যেষ্ঠ পরামর্শক এ এস এ মুয়িজ বলেন, বেসরকারি বিমা কোম্পানিগুলো বিভিন্ন ধরনের দুর্যোগ বিমা করে থাকে। কিন্তু কৃষি খাতে এ ধরনের বিমা চালু রাখা বেসরকারি বিমা কোম্পানিগুলোর পক্ষে এককভাবে সম্ভব না। কারণ এগুলো বেশির ভাগ ক্ষেত্রে বাণিজ্যিকভাবে লাভজনক হয় না। কোম্পানিগুলো সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তা করলেও তা খুবই কম কৃষকের মধ্যে বিস্তৃত করা সম্ভব।
সাধারণ বীমা করপোরেশনের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক জে বিকাশ চাকমা বলেন, সাধারণ বীমা করপোরেশন অনেক আগে থেকে আবহাওয়া বিমা চালু করেছিল। কিন্তু লোকসানের মুখে পড়ায় বেশি দূর এগোনো যায়নি।
পানিসম্পদ পরিকল্পনাবিষয়ক সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন বলেন, বন্যার পূর্বাভাস দেওয়ার কাজটি বেশ ব্যয়সাপেক্ষ। কেননা এ জন্য যেসব স্যাটেলাইট ছবি দরকার হয়, তা বিদেশ থেকে অনেক টাকা দিয়ে কিনতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক গওহার নঈম ওয়ারা বলেন, বন্যায় কৃষকের ক্ষতি হওয়ার দুই-তিন মাস পর যদি বিমার টাকা দেওয়া হয়, তাহলে কৃষকের এই সময়ের মধ্যে আরেক দফা ঋণ নিতে হয়। এ ছাড়া দেশের বিমার নিয়ম অনুযায়ী জমির মালিক বিমার টাকা পেয়ে থাকেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে জমির মালিক কৃষককে জমি বর্গা দিয়ে দেন। ওই জমির ফসল নষ্ট হলে তা কৃষকের কাঁধে যায়, আর বিমা করা থাকলে তা পাবেন জমির মালিক। এই নিয়ম বদলে ফেলে কৃষক যাতে বিমার টাকা পান সে ব্যবস্থা করতে হবে।
অক্সফাম বাংলাদেশের ইকোনমিক জাস্টিস ও রেজিলিয়েন্স প্রোগ্রামের পরিচালক খালিক হোসেন বলেন, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের আর্থিক সহায়তায় সিরাজগঞ্জের ১০টি গ্রামে পরীক্ষামূলকভাবে অক্সফাম বন্যাবিমা চালু করে। যে ধরনের তীব্র বন্যা হলে কৃষককে ওই বিমা দেওয়া হবে তা ২০১৩ সালে হয়নি। ২০১৪ সালে পাঁচটি গ্রামের ও ২০১৫ সালে চারটি গ্রামের কৃষককে ২ হাজার ৮০০ থেকে ৪৪ হাজার টাকা পর্যন্ত পরিবারপ্রতি বিমার অর্থ দেওয়া হয়। এ ক্ষেত্রে বিমা কোম্পানি প্রগতি ইনস্যুরেন্স ও বেসরকারি সংস্থা মানবমুক্তি সংস্থা কাজ করে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও অক্সফামের পলিসি ও অ্যাডভোকেসি-কমিউনিকেশন ম্যানেজার এম এম মনজুর রশীদ গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন কন্টিনেন্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সাদ্দাত উর রহমান খান, পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে আসা বিমা সুবিধাভোগী লাভলি বেগম ও মো. আমিনুর রহমান, সাধারণ বীমা করপোরেশনের উপমহাব্যবস্থাপক নিলুফার ইয়াসমিন।
আরও পড়ুন...