সরকারের সহায়তা কাজে লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা । ফাইল ছবি
শেখ হাসিনা । ফাইল ছবি

শিল্প ও বাণিজ্যের উন্নয়নে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘আমরা নিজেরা ব্যবসা করি না, বরং অধিকতর অর্থনৈতিক উন্নয়নে আমরা ব্যবসাকে উৎসাহিত করি’-এ কথা বলে প্রধানমন্ত্রী বিকাশমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার ধরতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) নবনির্বাচিত কর্মকর্তাদের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি। এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমদের নেতৃত্বে এ প্রতিনিধি দলে সংগঠনটির অন্যান্য পরিচালক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন যে, বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ঘরে ও বাইরের সম্ভাবনাময় বাজারে প্রবেশ করতে সরকারের দেওয়া অনেক সুযোগ-সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ তৈরি পোশাক খাতে তার উৎকর্ষের স্বাক্ষর রেখেছে। বিশাল সমুদ্র এলাকায় এখন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ায় বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণ বিপুল সামুদ্রিক সম্পদের সদ্ব্যবহারে ব্যবসায়ীদের এগিয়ে আসা প্রয়োজন।
তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ায় সঙ্গে ব্যবসায়ীদের এখন রপ্তানি বৃদ্ধি ছাড়াও সম্প্রসারিত অভ্যন্তরীণ বাজারের সুবিধা কাজে লাগাতে এগিয়ে আসতে হবে।
শিল্পায়ন ও বাণিজ্য বিকাশে নির্দিষ্ট মাত্রায় ব্যাংকের সুদের হার কমাতে তাঁর সরকারের পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার চেষ্টা করছে।
শেখ হাসিনা বলেন, এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রস্তাবিত বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপাল রুট এবং বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার করিডর আঞ্চলিক কানেকটিভিটি প্রতিষ্ঠা করবে।
প্রধানমন্ত্রী কর প্রদানে ব্যবসায়ীদের উৎসাহিত করতে এফবিসিসিআই’র প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের দেওয়া কর ব্যবসায়ীদের ইনসেনটিভ প্রদানে সরকারকে সহায়তা করে। তিনি ছোট ব্যবসায়ীদের সহায়তা করার জন্য বড় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, সরকার স্থানীয় পর্যায়ে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে প্রতিটি জেলায় একটি করে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বলেন, তাঁর সরকার শিল্পে গ্যাস পৌঁছে দিতে ট্রান্সমিশন লাইন স্থাপনের পাশাপাশি নতুন গ্যাস কূপ খননেরও পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী এলপিজির ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহারের উল্লেখ করে বলেন, তাঁর সরকার এ ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে কোনো সাড়া পায়নি। তিনি এলপিজি গ্যাস বাজারজাত করার জন্য সিলিন্ডার তৈরি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
তিনি সম্প্রতি গ্যাস ও বিদ্যুতের দর বাড়ানো সম্পর্কে বলেন, সরকার এর আগে বিদ্যুৎ উৎপাদনের জন্য উচ্চ মূল্যে জ্বালানি তেল ক্রয় করেছে। এতে সরকারের কাঁধে ৩৮ হাজার কোটি টাকার দায় জমে। এর মধ্যে মাত্র ৮ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
প্রধানমন্ত্রী পরিকল্পিত এবং পরিবেশবান্ধব শিল্পায়ন করতে শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।