সরকারের সামনে আর সংকট নেই: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, সরকারের সামনে আর কোনো সংকট নেই। সর্বশেষ পদ্মা সেতু নিয়ে যে সংকট ছিল, তা কেটে গেছে। বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের ভুল-বোঝাবুঝি ছিল। বিশ্বব্যাংক এটা বুঝে ফিরে এসেছে।গতকাল শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রায়েদ ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় তোফায়েল আহমেদ এ কথা বলেন।আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন, উপনির্বাচনে জনমত যাচাই করার একটি সুযোগ থাকে। বিএনপি তাদের নিশ্চিত ভরাডুবি জেনে উপনির্বাচন থেকে সরে পড়েছে। হান্নান শাহ এ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও পরে নির্বাচন বর্জন করেছেন। তিনি বলেন, তাজউদ্দীনের রক্তের সঙ্গে বেইমানি করেছেন আফসারউদ্দীন। হান্নান শাহর সঙ্গে গোপনে হাত মিলিয়েছেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘১২ দলীয় সমমনা ইসলামি জোটের ভাঙচুরের সঙ্গে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের ছেলেরা ছিল। পুলিশ তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এরা সেখানে কী করছিল?’ তিনি বলেন, ‘আশা করি, আফসারউদ্দীন অচিরেই তাঁর ভুল বুঝতে পারবেন এবং শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।’প্রার্থী সিমিন হোসেন রিমি এ সময় ভোট চেয়ে বক্তব্য দেন।রিটার্নিং কর্মকর্তার সঙ্গে প্রার্থীদের বৈঠক: উপনির্বাচনের তিন প্রার্থীর কর্মীদের সামলাতে অনুরোধ করেছেন আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ। গতকাল শনিবার বেলা ১১টায় কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুহাম্মদ শহীদুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহম্মেদ খান ও সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বাদল উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় তিন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রতিশ্রুতিসহ আটটি তথ্য প্রচারপত্র আকারে ভোটারদের কাছে বিলি করা হবে।পরে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কর্মকর্তাদের বলেছি, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, তার ব্যবস্থা করতে হবে।’সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বাদল নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন।স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীনের অভিযোগ: গতকাল শুক্রবার স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন পঞ্চমবারের মতো রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বলেন, গতকাল তরগাঁও খেয়াঘাট এলাকায় গণসংযোগ করতে গেলে আ. রব দর্জি, জাকির হোসেন, লালন ফকির ও সেলিমসহ ১০-১২ জন সন্ত্রাসী অস্ত্রসহ নির্বাচনী প্রচার চালাতে নিষেধ করে। তাদের ভয়ে তিনি পার্শ্ববর্তী একটি হোটেলে আশ্রয় নেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। একই সময়ে তাঁর কর্মী ও ইউপি সদস্য সায়েম এবং ওবায়দুর রহমানকে মারধর করে সন্ত্রাসীরা।