সরকারের সাড়া না পেলে টানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সিলেকশন গ্রেড বহাল ও আলাদা বেতন স্কেলের দাবিতে আন্দোলন থেকে সরছেন না। গতকাল বৃহস্পতিবার পাঁচটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ ও ১৭ সেপ্টেম্বর ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা। এ ছাড়া ওই দুদিন বেলা ১১টা থেকে একটা পর্যন্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। এর মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনার আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাওয়া না গেলে লাগাতার কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, এরপরও দাবি আদায় না হলে ঈদের ছুটির পর আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
এর আগেও একই দাবিতে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবারও ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবশ্য রোববার অনুষ্ঠেয় সব বিভাগের পরীক্ষা আন্দোলন কর্মসূচির আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে ক্লাস বর্জন কর্মসূচি বহাল থাকবে।
অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে দেওয়া ‘অসম্মানজনক’ বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে’ বক্তব্য প্রত্যাহার করায় শিক্ষকেরা অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
গতকাল সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘আমি যেভাবে বক্তব্যটি দিই, তাতে অবশ্যই তাঁদের (শিক্ষকদের) মানহানি হয়েছে। কারণ, “জ্ঞানের অভাবে” বলা, আর “যথাযথ তথ্য সম্বন্ধে অনবহিত” বলার মধ্যে অনেক তফাত রয়েছে। আমি আমার বক্তব্য সম্বন্ধে খুবই দুঃখিত।’
লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি বলেছিলেন, এই আন্দোলন অকারণে শুরু হয়েছে। এটা তাঁকে গভীর পীড়া দেয়। কারণ, দেশের সবচেয়ে শিক্ষিত গোষ্ঠী আন্দোলন করছে। আমার বলার কথা ছিল যে তাঁরা প্রকৃত সুপারিশ এবং সর্বোপরি সরকারি সিদ্ধান্ত না জেনেই আন্দোলনে নেমে গেলেন।...আমার বলা উচিত ছিল যে তাঁদের আন্দোলনটি তাঁদের অনবহিতির জন্য, তাঁরা সঠিক তথ্য জানতেন না বলে তাঁরা আনইনফর্মড ছিলেন।’
অর্থমন্ত্রী বলেন, যাঁরা ক্ষুব্ধ হয়েছেন বা দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে বিনীত অনুরোধ যে, ভুল-বোঝাবুঝির এখানেই সমাপ্তি হোক। একই সঙ্গে তিনি আন্দোলন প্রত্যাহার করতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।
বেতন কমিশন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ঘোষিত বেতন ভাতার স্কেল হলো ২০টি এবং অধ্যাপকেরা আগের মতোই সচিবদের সঙ্গে অবস্থান করছেন এবং সেই গ্রেডেই বেতন মাসিক ৭৮ হাজার টাকা পাবেন।
(এই প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা)