সরকারিভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর সমঝোতা স্মারক মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। এ ব্যাপারে যেকোনো আন্দোলন কর্মসূচি নেওয়ারও হুমকি দিয়েছে তারা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বায়রা এই নিন্দা জানায়।বায়রার মহাসচিব শাহজালাল মজুমদার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ হাজার টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। কিন্তু মালয়েশিয়া সরকার এবং নিয়োগকারী সংস্থা যদি প্রতিটি কর্মীর বিমান ভাড়া ও অন্যান্য কর দেওয়ার নিশ্চয়তা দেয়, তাহলে বায়রার সদস্যরা ২০ হাজার টাকায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করতে পারে।বিবৃতিতে বলা হয়, ‘সরকারের কাছ থেকে এক হাজার ২০০ প্রতিষ্ঠান জনশক্তি রপ্তানির সনদ নিয়েছে। ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে যত লোক গেছে, বেশির ভাগই পাঠিয়েছে বায়রা। কাজেই বায়রার সদস্যদের পাশ কাটিয়ে সমঝোতা স্মারক বা চুক্তি করা হলে গণতান্ত্রিক পন্থায় যেকোনো আন্দোলন-কর্মসূচি নেওয়া হবে। প্রয়োজনে বায়রার সদস্যরা জনশক্তি রপ্তানির প্রক্রিয়া থেকে বিরত থাকবে। এ ব্যাপারে নির্বাহী কমিটির সভায়ও সিদ্ধান্ত হয়েছে।’