সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দুটি প্রস্তাবিত গুরুত্বপূর্ণ প্রকল্প গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে চীন।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রশ্নোত্তরপর্বে প্রকল্প দুটি সম্পর্কে কথা বলেন চীনের রাষ্ট্রদূত। বিস পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ।
চীনের রাষ্ট্রদূত লি জুন বলেন, ‘বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের পক্ষ থেকে এ নিয়ে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করা হচ্ছে বলে এ নিয়ে নীরব রয়েছি।’
চীনা রাষ্ট্রদূত বলেন, ২০১০ সালের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের সময় এ দুটি প্রকল্পের পাশাপাশি প্রদর্শনী কেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছিল।
কক্সবাজার জেলার সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য চীনসহ কয়েকটি দেশের দেওয়া প্রস্তাব সরকার এখন পর্যালোচনা করে দেখছে। চীনের প্রতিষ্ঠান চায়না হারবার কোম্পানি লিমিটেড ইতিমধ্যেই এ নিয়ে তাদের প্রস্তাব বাংলাদেশকে জানিয়েছে। আর মহাশূন্যে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন (সিজিডব্লিউআইসি)।
চীনের বিনিয়োগের জন্য বাংলাদেশকে সেরা গন্তব্য হিসেবে অভিহিত করে লি জুন বলেন, চীনের জন্য রপ্তানি-প্রক্রিয়াজাতকরণ এলাকা নির্ধারিত করে দিলে দেশটির বিনিয়োগকারীদের জন্য তা সহায়ক হবে।