সরকারের সুমতি ও আন্তর্জাতিক উদ্যোগের আশায় বিএনপি
সংলাপ-সমঝোতার জন্য এখনো সরকারের সুমতি এবং আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগের আশায় আছে বিএনপি। পাশাপাশি চলমান অবরোধ-হরতাল কর্মসূচি অব্যাহত রাখছে দলটি।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আশা করছেন, সরকারকে সংলাপ-সমঝোতায় বসাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রভাবশালী মহলের তৎপরতা ক্রমান্বয়ে আরও দৃশ্যমান হবে। এ লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে।
দলটির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, তারা মনে করে, শেষ পর্যন্ত এর একটা সুফল আসবে। এ জন্য সরকারের সঙ্গে আলোচনা বা সমঝোতার বিষয়ে দেশি-বিদেশি সব উদ্যোগ বা আহ্বানকে বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। সংলাপে দায়িত্বশীল কোনো পক্ষ মধ্যস্থতার উদ্যোগ নিলে তাতেও বিএনপির সমর্থন থাকবে।
এখন বিএনপির নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, নির্দলীয় সরকারের অধীন একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে তাঁদের আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত টানা কর্মসূচি চালিয়ে যাবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তবে, সংলাপের জন্য দেশি বা আন্তর্জাতিক কোনো মহল কার্যকর উদ্যোগ নিলে বা এর দৃশ্যমান প্রক্রিয়া শুরু হলে সমঝোতার স্বার্থে চলমান হরতাল কর্মসূচি কিছুটা শিথিল করা হতে পারে। ৩ মার্চ সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় নিযুক্ত ১৬ জন কূটনীতিক সাক্ষাতের পর দলের নীতিনির্ধারকেরা এ ধরনের একটি চিন্তা বিবেচনায় রেখেছেন বলে ওই নেতা জানান। তবে, অবরোধ-হরতাল কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের বা স্থগিত করার সম্ভাবনা নেই।
টানা কর্মসূচির অংশ হিসেবে অবরোধের পাশাপাশি আজ রোববার সকাল ছয়টা থেকে আবারও ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০-দল। এ ছাড়া সোমবার দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা এবং মহানগরের ওয়ার্ড পর্যায়ে গণমিছিল কর্মসূচি দেওয়া হয়েছে।
বিএনপির গুরুত্বপূর্ণ সূত্র জানায়, কূটনৈতিক উদ্যোগ বা অন্য কোনো পক্ষের মধ্যস্থতায় সংলাপের জন্য সরকারের পক্ষ থেকে সাড়া মিললে কিছু শর্তসাপেক্ষে এ উদ্যোগে শামিল হবে বিএনপি। এ জন্য সরকারের আস্থা সৃষ্টি করতে প্রয়োজনে হরতাল কর্মসূচি কাটছাঁটও করা হতে পারে। সে ক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরে ২০-দলীয় জোট ৭২ ঘণ্টার হরতালের পর যে ৪৮ ঘণ্টা হরতাল বর্ধিত করে আসছে, তার অর্ধেক কমিয়ে আনা হতে পারে বলে ওই সূত্র জানায়।
বিএনপির নেতাদের একটি অংশ মনে করছে, চলমান সংকট নিরসনে সংলাপের পথ খুঁজতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ধারাবাহিক আহ্বান এবং সর্বশেষ ১৬ জন বিদেশি কূটনীতিকের খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর সরকার খুব একটা স্বস্তিতে নেই। সরকারের শীর্ষ মহল মুখে শক্ত কথা বললেও ভেতরে ভেতরে দুশ্চিন্তায় আছে। যার কারণে গ্রেপ্তারি ও তল্লাশি পরোয়ানা থাকা সত্ত্বেও সরকার সে পথে এগোয়নি বলে এসব নেতা দাবি করেন। তাঁরা বলেন, সরকারের দুর্বলতা প্রকাশ পেয়ে গেলে মাঠপর্যায়ের দলীয় নেতা-কর্মীদের ওপর এর প্রভাব পড়তে পারে, এ জন্য সরকারের শীর্ষ মহল থেকে কঠোর অবস্থানের কথা বারবার বলা হচ্ছে।
অবশ্য বিএনপির নীতিনির্ধারকদের আরেকটি অংশের চিন্তা ভিন্ন। তারা মনে করছে, সংলাপে বসতে আন্তর্জাতিক মহলের কোনো উদ্যোগ-আহ্বানেই সরকার সাড়া দেবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে দমন-পীড়ন চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। পাশাপাশি তারা বিরোধীদের আন্দোলনকে জঙ্গি-সন্ত্রাসবাদী তৎপরতা হিসেবে প্রচারের কৌশল নিয়ে এগোচ্ছে।
গতকাল আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে আবারও এমন ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছে বিএনপির নেতাদের ওই অংশটি। সমাবেশে প্রধানমন্ত্রী ২০ দলের আন্দোলনকে ‘জঙ্গি-সন্ত্রাসবাদী’ তৎপরতা অভিহিত করে তা কঠোরভাবে দমন করার কথা বলেছেন।
অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমি রাজনৈতিক বক্তব্য বলব। দলের নেতা-কর্মীদের আস্থা ঠিক রাখতে তিনি হয়তো এ ধরনের কথা বলেছেন।’
যুক্তি হিসেবে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা দেখেছি, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও খালেদা জিয়াকে সরকার গ্রেপ্তার করেনি। আমরাও একটি মুক্ত মন নিয়ে আলোচনার অপেক্ষা করছি। চলমান শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বের হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সংলাপের কোনো বিকল্প নেই। সরকারকে সংলাপে বসতেই হবে।’