
ভাষা আন্দোলন ধাপে ধাপে গড়ে ওঠার কাহিনি ছড়িয়ে আছে টুকরো টুকরো নানা দলিল-দস্তাবেজে
‘সরকারি কর্মচারীদের দ্বারা প্রকাশ্য বিক্ষোভে কিংবা জনসভায় অংশ নেয়ার অথবা বাংলাকে প্রদেশের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের পক্ষে বা বিপক্ষে সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করার দৃষ্টান্ত সরকারের নজরে এসেছে। এই বিতর্ক রাজনৈতিক রূপ ধারণ করেছে। এ কারণে সরকারি কর্মচারীদের এটিতে বা অন্য কোনো রাজনৈতিক বিতর্কে প্রকাশ্যে অংশগ্রহণ করা কোনভাবে অনুমোদন যোগ্য নয়। সরকারি কর্মচারীরা এরকম কিছু করলে কর্মচারীদের জন্য প্রণীত আচরণবিধি আইন ভংগের দায়ে শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখিন হতে হবে।’
এটি ১৯৪৭ সালের ২৪ ডিসেম্বর পূর্ব পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে জারি করা একটি পরিপত্র। স্বরাষ্ট্র বিভাগ এই পরিপত্র জারি করেছিল। কারণ, ওই দিনই সরকারের মুখ্যসচিব এ আহমেদ সরকারি কর্মচারীদের আচরণবিধি স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্র বিভাগকে যথাযথ ব্যবস্থা নিতে চিঠি দিয়েছিলেন।
এই হুঁশিয়ারবার্তায় ফুটে ওঠে বাংলাকে রাষ্ট্রভাষা করা না-করা নিয়ে তখনকার পূর্ব পাকিস্তানের সার্বিক পরিস্থিতি। রাজনৈতিক বিরোধ তখন এ পর্যায়ে গিয়েছিল যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এ থেকে দূরে থাকতে পারছিলেন না।
দপ্তরের ভেতরে তর্ক আর বাইরে সভা-সমাবেশ ছাড়িয়ে সংঘাতও বেধে গেছে একাধিকবার। এই পরিপত্র জারির ১২ দিন আগে ১৯৪৭ সালের ১২ ডিসেম্বর উর্দু ভাষা সমর্থনকারী একদল বিহারি সশস্ত্র আক্রমণ চালায় পলাশী ব্যারাক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলসহ ঢাকার বেশ কয়েকটি জায়গায়। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানিদাতা হিসেবে উদুর্ভাষী কিছু সরকারি কর্মকর্তাকে দায়ী করে পত্রিকায় সংবাদ প্রকাশ পায়।