সরকারের স্বচ্ছতার সূচকে বাংলাদেশ ৭৩তম অবস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের স্বচ্ছতার সূচকে (ওপেন গভর্নমেন্ট ইনডেক্স) বিশ্বের ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৩তম। ওয়াশিংটনভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট গত বৃহস্পতিবার প্রকাশ করেছে এই সূচক।
চারটি বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ওই সূচক। এগুলো হলো আইন ও সরকারি তথ্য প্রকাশ, তথ্য অধিকার, জনসাধারণের অংশগ্রহণ এবং সরকারি সেবার বিষয়ে অভিযোগ করার সুযোগ-সুবিধা। এই চারটি বিষয়ে মুখোমুখি বা অনলাইনে প্রশ্ন করা হয়েছে লোকজনকে। নেওয়া হয়েছে বিশেষজ্ঞ মতামত। এরপর চার বিষয়ে স্কোর যোগ করে নির্ণয় করা হয়েছে সূচকে দেশগুলোর অবস্থান। প্রতিটি দেশের তিনটি শহর থেকে নেওয়া হয়েছে নমুনা। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় মোট এক হাজার মানুষকে মুখোমুখি প্রশ্ন করা হয়েছে।
সূচকে এক থেকে তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে সুইডেন, নিউজিল্যান্ড ও নরওয়ে। একেবারে নিচে ১০২ থেকে ১০০তম অবস্থানে আছে যথাক্রমে জিম্বাবুয়ে, উজবেকিস্তান ও মিয়ানমার।
সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভারত, ৩৭তম। এরপর নেপাল ৪০তম, শ্রীলঙ্কা ৫২, পাকিস্তান ৮৩ এবং আফগানিস্তান ৮৯তম অবস্থানে।