আওয়ামী লীগ সরকারকে কোনো দেশ স্বীকৃতি দেয়নি বলে নীলফামারীর জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‘বালখিল্য’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, বর্তমান সরকারকে বিভিন্ন দেশ স্বীকৃতি না দিলে বাংলাদেশ সিপিএ ও আইপিইউর সভাপতি পদে এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হতো না।
গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও সাংবাদিকেরা খালেদা জিয়ার মন্তব্য সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান। মন্ত্রী বলেন, ‘আমি খুব দুঃখের সঙ্গে বলছি, একটা কাগজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের খবর আর খালেদা জিয়ার জনসভার খবর পাশাপাশি ছেপেছে। এটা কি পাশাপাশি দেওয়ার মতো হলো! উনি তো এখন আর সংসদে নেই। বিএনপির চেয়ারপারসন নীলফামারীর জনসভায় যেটা বললেন, উনার ভাষায় এই অবৈধ সরকারকে কোনো দেশ বা সরকার স্বীকৃতি দেয়নি। সেই খবরের পাশে ছাপা হয়েছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের খবর। এটা কী হলো?’