সরকারের স্বৈরাচারী আচরণের প্রতিবাদ জানান: মাহবুবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশে আজ গণতন্ত্র অবরুদ্ধ। গোটা বাংলাদেশের মানুষ কারারুদ্ধ। স্বাধীনতার এই মাসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঢাকাস্থ ঠাকুরগাঁওবাসী এই কর্মসূচির আয়োজন করে। এই মানববন্ধন কর্মসূচিতে মাহবুবুর রহমান এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন, রুচিবান ও ঐতিহ্যবাহী একটি পরিবারের সন্তান। তিনি উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র। তাঁর মতো নেতাকেও সরকার কারাবন্দী করে কারাগারে পাঠিয়েছে।
মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, বিএনপির নেতা শামসুজ্জামান দুদু ও জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।