বাংলাদেশে ইন্টারনেটের স্বাধীনতার ওপর সরকারের সরাসরি তেমন কোনো হস্তক্ষেপ না থাকলেও ভিন্নমত প্রকাশের কারণে ব্লগারদের হত্যা ও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ধরপাকড়ের কারণে ব্যবহারকারীরা নিজেরাই অনেক বেশি নিয়ন্ত্রিত হয়ে এই প্রযুক্তি ব্যবহার করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি পর্যবেক্ষক সংগঠন ফ্রিডম হাউস এক প্রতিবেদনে এ কথা বলেছে। ‘ফ্রিডম অব দ্য নেট’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে গত বুধবার।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহার বাড়লেও এ ক্ষেত্রে মানুষের স্বাধীনতা টানা পাঁচ বছর ধরে কমছে। ব্লগ বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত প্রকাশকারীদের ওপর সরকারি দমনপীড়ন বেড়েছে।
৬৫টি দেশের মধ্যে ৩২টি দেশে ২০১৪ সালের জুন থেকে এ পর্যন্ত মতপ্রকাশের স্বাধীনতা কমেছে। মোট ১০০ নম্বরের মাধ্যমে দেশগুলোর পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে ইন্টারনেটে ঢোকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ২৫, আধেয়র সীমাবদ্ধতা ৩৫ ও ব্যবহারকারীর অধিকার লঙ্ঘন ৪০ নম্বর। মূল্যায়নের ক্ষেত্রে শূন্য নম্বর সবচেয়ে ভালো ও সর্বোচ্চ নম্বর সবচেয়ে খারাপ।
মূল্যায়নের তিনটি পর্যায়ে বাংলাদেশের মোট নম্বর ৫১। এর মধ্যে ইন্টারনেটে ঢোকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ২৫-এর মধ্যে ১২, আধেয়র সীমাবদ্ধতায় ৩৫-এর মধ্যে ১২ ও ব্যবহারকারীর অধিকার লঙ্ঘনে ৪০-এর মধ্যে ২৭ নম্বর পেয়েছে বাংলাদেশ।
৬৫টি দেশের মধ্যে ৬, ৭ ও ১৬ স্কোর নিয়ে ইন্টারনেট স্বাধীনতায় সবচেয়ে এগিয়ে আছে যথাক্রমে আইসল্যান্ড, এস্তোনিয়া ও কানাডা। আর সবচেয়ে খারাপের মধ্যে আছে চীন, ইরান ও সিরিয়া। দেশ তিনটির স্কোর যথাক্রমে ৮৮, ৮৭ ও ৮৭। এ ছাড়া ৬৫টি দেশকে মোট তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ইন্টারনেটের স্বাধীনতা আছে ১৮টি দেশে, আংশিক স্বাধীনতা আছে ২৮টি দেশে ও স্বাধীনতা নেই ১৯টি দেশে। বাংলাদেশের অবস্থান আংশিক স্বাধীনতার পর্যায়ে।
বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ফ্রিডম হাউসের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ভিন্নমত প্রকাশের কারণে চলতি বছরেই চারজন ব্লগারকে হত্যা করা হয়েছে। গত বছর ইন্টারনেট স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপ না বাড়লেও এসব হত্যাকাণ্ড এবং এর সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের আওতায় ধরপাকড়ের কারণে একধরনের ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এতে ইন্টারনেট ব্যবহারকারীরা এখন নিজেরাই অনলাইনে নিয়ন্ত্রিত আচরণ করে।