সরকারের হিসাবেই চালের মজুত ঘাটতি ১০ লাখ টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন খাদ্যের মজুত কম আছে ১০ লাখ মেট্রিক টন। বোরো উৎপাদনও বেশ হ্রাস পেয়েছে। বাজারে চালের দামও বেড়েছে ১৭ শতাংশ। এতে দরিদ্র ও শহরের ভোক্তাদের চাল কেনার খরচ মেটানো কষ্টকর হয়ে পড়েছে।

দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে এই মূল্যায়ন সরকারেরই। প্রকাশ্যে দেশে খাদ্যের কোনো সংকট নেই বলে দাবি করা হলেও সরকারি নথিতেই খাদ্যের সংকটের কথা এভাবে বলা হয়েছে। আর এই পরিস্থিতিতে সংকট মেটাতে দুস্থদের খাদ্য কর্মসূচি ভিজিএফ খাতের চালের বরাদ্দ ৪ লাখ ২০ টন থেকে কমিয়ে ১ লাখ ২০ হাজার টন করা হয়েছে। আবার বন্যাদুর্গত এলাকার বাইরে ভিজিএফ ও জিআর খাতে ত্রাণ বিতরণ ছাড়া সরকারি খাদ্যশস্য বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয় বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এখনো মনে করছেন, দেশে চালের কোনো সংকট নেই। প্রথম আলোকে তিনি বলেন, খাদ্যের যথেষ্ট মজুত রয়েছে। ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, কম্বোডিয়া থেকে চাল এলে মজুত আরও বেড়ে যাবে। মজুতে ঘাটতি না থাকলে কেন সরকারিভাবে এত দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারি খাদ্য বিতরণের ব্যবস্থা নিশ্চিত করতে আমদানির জন্য অনেক উৎস খোলা থাকলে সুবিধা হয়।

সামগ্রিক বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এম এম শওকত আলী প্রথম আলোকে বলেন, চাল আমদানির উদ্যোগ নেওয়াই সবকিছু নয়। চাল বাজারে আনতে যতগুলো ধাপ অতিক্রম করতে হবে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে।

সার্বিক খাদ্য পরিস্থিতি

সরকারি নথি অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৬-১৭ অর্থবছরে আউশ ও আমন
ফসলের উৎপাদন হয়েছে যথাক্রমে ২১ লাখ ৩৪ হাজার মেট্রিক টন এবং ১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টন। কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, একই অর্থবছরে ৪৭ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হলেও সারা দেশের অতিবৃষ্টিপাত ও বন্যা এবং ব্লাস্ট রোগের কারণে উল্লেখযোগ্য পরিমাণ জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বোরো ধানের উৎপাদন বেশ হ্রাস পেয়েছে। যদিও উৎপাদনের চূড়ান্ত হিসাব এখনো করা হয়নি।

খাদ্যশস্যের মজুত

২০১৭ সালের জুলাই পর্যন্ত সরকারের কাছে খাদ্যের মজুত ছিল মাত্র ৩ লাখ ৭৯ হাজার মেট্রিক টন, যা কাঙ্ক্ষিত স্তরের তুলনায় ৭ লাখ মেট্রিক টন কম। মূলত বন্যার কারণে মে-জুনে হাওর অঞ্চলসহ দেশের দুর্গত এলাকায় সরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ, চড়া মূল্যর কারণে ধান সংগ্রহ অভিযান না হওয়ায় খাদ্যশস্যের মজুত কমে যায়। সর্বশেষ ১৩ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে খাদ্যের মজুত ছিল ৪ লাখ ৩৭ হাজার মেট্রিক টন।

বাজার পরিস্থিতি

খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, বন্যা, বৃষ্টিপাত ও ব্লাস্ট রোগের কারণে সারা দেশে গত মে মাস পর্যন্ত পাইকারি বাজারে চালের দাম ১৩ শতাংশ পর্যন্ত বাড়ে। গত জুনে তা আরও চার শতাংশ বৃদ্ধি পায়। ফলে বোরো উৎপাদনকারীরা ভালো দাম পেলেও দরিদ্র ও শহরের ভোক্তাদের পক্ষে চাল কেনা কষ্টকর হয়ে পড়ে। এই অবস্থায় আমদানির মাধ্যমে চালের সরবরাহ বাড়িয়ে চালের বাজারদর নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার।

আমদানি

খাদ্য মন্ত্রণালয় ২০১৭-১৮ অর্থবছরে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির প্রক্রিয়া শুরু করার পর এখন পর্যন্ত ২ লাখ ২৬ হাজার টন চাল দেশে আনতে পেরেছে। আরও ১ লাখ ২৪ হাজার টন চাল বন্দরে পৌঁছেছে। এর বাইরে প্রায় সাড় ১১ লাখ টন চাল আমদানির জন্য চুক্তির অপেক্ষায় আছে।

প্রসঙ্গত বেসরকারি খাতকে উৎসাহ দিতে চাল আমদানির শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। সরকার আশা করছে, এর ফলে সরবরাহ আরও বাড়বে এবং চালের দাম কমে আসবে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক এম আসাদুজ্জামান বলেন, চাল আমদানিতে ধীরগতির কারণে দেশে খাদ্য-সংকট তৈরি হতে পারে। এ ছাড়া বাজারকে প্রভাবিত করার মতো মজুতও সরকারের হাতে নেই।