ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকারের দুই বছরের অগ্রগতি খতিয়ে দেখবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সে জন্য কমিটি টানা তিন দিন বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে মন্ত্রণালয়সহ প্রযুক্তি সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি বৈঠক করবে। এ বিষয়ে কমিটির সভাপতি দবিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে সরকারের দুই বছরের সাফল্য ও ব্যর্থতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টির পরিসর বড় বলে কমিটি টানা তিন দিন বৈঠক করবে। বৈঠক শেষে নির্ধারিত সময়ে মধ্যে বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করার জন্য মন্ত্রণালয়কে দিক-নির্দেশনা দেওয়া হবে। দবিরুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠন করেছে। যে কারণে এ ক্ষেত্রে সরকারের সাফল্য-ব্যর্থতা কতটুকু তা মূল্যায়ন করার সময় হয়েছে।তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এ পর্যন্ত ১৪টি বৈঠক করলেও এসব বৈঠকে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকল্প-সম্পর্কিত কোনো আলোচনা হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সূত্র জানিয়েছে, বৈঠকের প্রথম দিন প্রযুক্তি মন্ত্রণালয়ের দুই বছরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে। একই দিন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হবে। বৈঠকের দ্বিতীয় দিন বাংলাদেশ পরমাণু কমিশন, জাতীয় বিজ্ঞান কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র (ব্যান্সডক) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির সাফল্য-ব্যর্থতা নিয়ে আলোচনা হবে। তৃতীয় দিন আলোচনা হবে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের কর্মকাণ্ড নিয়ে। বৈঠকে প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।