বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের ‘দমন-পীড়ন নীতি’ বিভিন্ন রাজনৈতিক দলের সহিংস অংশকে ও উগ্রপন্থীদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। সরকারের এই অবস্থান ধর্মীয় উগ্র গোষ্ঠীগুলোকে পুনরায় সংগঠিত হওয়ারও সুযোগ তৈরি করে দিচ্ছে।
ব্রাসেলসভিত্তিক স্বাধীন গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) গতকাল সোমবার প্রকাশিত ‘পলিটিক্যাল কনফ্লিক্ট, এক্সটিম অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ মন্তব্য করেছে।
বাংলাদেশে বিচারব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলা ও গণতান্ত্রিক বিপর্যয় মোকাবিলার জন্য আইসিজি বিচারব্যবস্থার রাজনৈতিকীরণের পাশাপাশি ফৌজদারি বিচারব্যবস্থাকে শক্তিশালী করার সুপারিশ করেছে।
ব্রাসেলসভিত্তিক গবেষণা সংস্থাটি মৌলিক ও রাজনৈতিক অধিকার সমুন্নত রাখার জন্য ঢাকাকে চাপ দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে তাদের অর্থনৈতিক শক্তি ব্যবহার করার সুপারিশ করেছে। এ ছাড়া বিরোধী পক্ষকে রাজনৈতিকভাবে মত প্রকাশ ও অংশ নিতে তাদের আইনসম্মত অধিকার চর্চার সুযোগ করে দিতে ‘ঘনিষ্ঠ প্রতিবেশী’ হিসেবে ভারতকে আওয়ামী লীগের প্রতি অনুরোধ জানানোর সুপারিশ করেছে আইসিজি।
রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করা; মত প্রকাশ ও ভিন্নমতের স্বাধীনতার ব্যাপারে সাংবিধানিক অধিকার সমুন্নত রাখা; বিচারব্যবস্থায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং রাজনৈতিক হস্তক্ষেপের অবসান নিশ্চিত করা; ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং বৃহত্তর রাজনৈতিক সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে ১৫ দফার সুপারিশ করেছে আইসিজি। ওই প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করে একে ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে অভিহিত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার অংশটিতে আইসিজির মূল্যায়নের সঙ্গে আমি একমত নই। তবে প্রতিবেদনের অন্য পর্যবেক্ষণের সঙ্গে আমার দ্বিমত নেই। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে প্রতিপক্ষকে নানাভাবে ঘায়েল করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেচ্ছভাবে ব্যবহার, পক্ষপাতমূলক বিচার এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার কারণে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে দেখেছি। এখানেও এমন প্রবণতা চোখে পড়ে।
প্রতিবেদনে আইসিজি বলেছে, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দীর্ঘ বিরোধিতার কারণে দেশটিতে সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে। দেশে এখন বিরোধী মতের কঠোর সমালোচনা ও নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। বিরোধীদলীয় নেতাদের দমনে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। মানবাধিকারকর্মীরা এখন উগ্রপন্থীদের হুমকির মুখে রয়েছেন। উগ্রপন্থীরা ২০১৫ সালে অসাম্প্রদায়িক ব্লগার, বিদেশি ও ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা করেছে। এসব ঘটনায় উগ্রপন্থীদের কাউকে কাউকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হলেও তাতে ‘স্বচ্ছতার’ নীতি অনুসরণ করা হয়নি। আর এ কারণেই উগ্রপন্থীরা আবারও এসব ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে।
আইসিজির প্রতিবেদন প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, এ প্রতিবেদন ভিত্তিহীন। তিনি বলেন, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে নয়।
বিরোধী দল ও বিচারব্যবস্থা নিয়ে বেশ কিছু সুপারিশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিএনপির মূলধারার রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্ত ভেবে সরকারের সংলাপে যাওয়া উচিত, এতে সহিংসতা কমে যাবে। বিরোধী দলকে সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে বিরোধী মত তুলে ধরতে হবে। বিচারব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে আসতে হবে। মুক্তমতের প্রতি সম্মান থাকতে হবে। সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিকদের ওপর থেকে সব ধরনের মিথ্যা মামলা সরকারকে প্রত্যাহার করে নিতে হবে।
আইসিজির প্রতিবেদন সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘ফৌজদারি বিচারব্যবস্থাকে যুগোপযোগী করা যে সময়ের দাবি, তা নিয়ে আইসিজির সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই।’ তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিজেদের পরিচয় গোপন করে জিজ্ঞাসাবাদের নামে লোকজনকে আটকে রাখতে দেখছি। এর সুযোগ নেই। কাজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার বন্ধ করাটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।’