সরকারের ‘দিনবদলের’ প্রতিশ্রুতি নিষ্ঠুর রসিকতায় পরিণত: সিপিবি
দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, বিদ্যুৎ-গ্যাস-পানি সংকট, যানজট, ঘুষ-দুর্নীতি, টেন্ডারবাজি-দখলবাজি, নারী নির্যাতনসহ জনজীবনের দৈনন্দিন সমস্যা-সংকট ক্রমশ বৃদ্ধি পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটি। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম দিন গৃহীত এক প্রস্তাবে এ ক্ষোভ প্রকাশ করা হয়। প্রস্তাবে সরকারের গত দুই বছরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। সরকারের সমালোচনা করে বলা হয়, কিছু কোটিপতি ছাড়া জনগণের কাছে বর্তমান সরকারের ‘দিনবদলের’ প্রতিশ্রুতি নিষ্ঠুর রসিকতা ও প্রহসনে পরিণত হয়েছে। বিভিন্ন বিদেশি শক্তিকে তাদের নিজ অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষায় বাংলাদেশকে নিয়ে অবাধে তৎপরতা চালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রমশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাক্ষেত্র হয়ে উঠছে। যার প্রভাব পড়ছে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে। সভায় রাজনৈতিক প্রতিবেদন ও প্রস্তাব উত্থাপন করেন কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।প্রস্তাবে আরও বলা হয়, সর্বোচ্চ আদালতের রায়ে বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি পুনঃস্থাপন একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। কিন্তু এ মৌলিক পরিবর্তন সরকারের রাষ্ট্র পরিচালনার কার্যক্রমে এখনো প্রতিফলিত হয়নি। সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সরকারের দ্বিধাদ্বন্দ্ব ইতিমধ্যে প্রকাশ্যে প্রদর্শিত হয়েছে। সিপিবির প্রস্তাবে জনজীবনের সমস্যা-সংকট নিরসনের দাবিতে ও কর্তব্য পালনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী গণসংগ্রাম গড়ে তোলার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।