সরকারের 'শাখা' হয়েই থাকছে এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সংস্কারের জন্য প্রায় ১১ মাস আগে কমিটি গঠন করা হলেও এবার সংস্কার হচ্ছে না। ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনটি নির্বাচনের পথে হাঁটছে।
আগামী মে মাসে অনুষ্ঠেয় ২০১৭-২০১৯ মেয়াদের নির্বাচনের বোর্ড গঠনের জন্য বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ফলে সাধারণ ব্যবসায়ীরা সংস্কারের মাধ্যমে এফবিসিসিআইতে সভাপতি, সহসভাপতি ও পরিচালক পদে সরাসরি নির্বাচনের দাবি করেছিলেন, সে দাবি এবারও পূরণ হচ্ছে না।
এফবিসিসিআইয়ের সংস্কারের জন্য সাবেক সভাপতি, আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান করে বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ৫ এপ্রিল একটি কমিটি গঠন করে। ব্যবসায়ীদের মধ্যে প্রচার আছে, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। ওই কমিটি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে চলতি মাসে তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। এরই মধ্যে নির্বাচনের বোর্ড গঠনের জন্য আগামীকাল শনিবার বোর্ড সভা ডেকেছে এফবিসিসিআই। ফলে আগের মতোই যে প্রার্থী সরকারের আশীর্বাদ পাবেন, তিনিই কার্যত সভাপতি হচ্ছেন। ব্যবসায়ীরা এখন জানার অপেক্ষায়—কে সরকারের আশীর্বাদ পাচ্ছেন।
সব মিলিয়ে এফবিসিসিআই আগের মতোই সরকারের বাণিজ্যিক শাখা হয়ে থাকছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তাঁরা বলছেন, চাপিয়ে দেওয়া নেতার কারণে এফবিসিসিআই সাধারণ ব্যবসায়ীদের দাবিদাওয়া নিয়ে জোর দিয়ে কাজ করতে পারে না। ফলে সরকারি নীতিনির্ধারণে এফবিসিসিআইয়ের ভূমিকা কমে গেছে।

এদিকে সংস্কারের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় সরাসরি নির্বাচনের দাবিতে গড়ে ওঠা বেশ আগের একটি
সংগঠন আবার সক্রিয় হয়েছে। এফবিসিসিআই রিফর্মস বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গত মঙ্গলবার রাজধানীতে একটি মতবিনিময় সভার আয়োজন করে। এতে উপস্থিত সিংহভাগ ব্যবসায়ী সব পদে সরাসরি ভোটের দাবি করেন।

সংগঠনটির আহ্বায়ক এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় সংস্কারের জন্য কমিটি গঠন করায় আমরা আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু তড়িঘড়ি করে নির্বাচনের বোর্ড গঠনের জন্য বোর্ড সভা আহ্বান করায় আমরা আশঙ্কা করছি, এবারও সংস্কার হবে না।’

এফবিসিসিআই দেশের ৮১টি চেম্বার ও ৩৮২টি পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশনের যৌথ সংগঠন। এসব সংগঠনের ২ হাজার ২৩০ জন সদস্য গত নির্বাচনে এফবিসিসিআইয়ের ভোটার ছিলেন। সংগঠনটির মোট ৫২টি পরিচালক পদের মধ্যে ৩২টি পদে তাঁরা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারেন। বাকি ২০টি পরিচালক পদ হয় মনোনীত। অন্যদিকে নির্বাচিত ও মনোনীত পরিচালকেরা ভোট দিয়ে সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচন করেন।

সভাপতি, সহসভাপতি এবং সব কটি পরিচালক পদে সরাসরি ভোটের দাবি নতুন নয়। সরাসরি ভোটের উদ্যোগ নেওয়া এবং শেষ মুহূর্তে তা পিছিয়ে যাওয়ার ঘটনাও অতীতে অনেকবার ঘটেছে। ২০০২ সালে তখনকার বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সময়ে বাণিজ্য সংগঠন বিধিমালা পরিবর্তন করে এফবিসিসিআইতে মনোনীত পরিচালক ব্যবস্থা অন্তর্ভুক্ত করা এবং সভাপতি ও সহসভাপতি পদে সরাসরি ভোটের বদলে পরিচালকদের ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা হয়। এর আগে সাধারণ ভোটারদের সরাসরি ভোটে সভাপতি, সহসভাপতি ও পরিচালক নির্বাচিত হতেন।

এফবিসিসিআইয়ের নেতারা বলেন, নির্বাচিত হলে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আবদুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন, আনিসুল হক, এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমদ ও আবদুল মাতলুব আহমাদ সভাপতি হন। কিন্তু সংস্কার আর হয়নি। এফবিসিসিআইয়ের একজন নেতা প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের প্রত্যেকেরই কথা ছিল, এবার সংস্কার পিছিয়ে দেওয়া হোক, সভাপতি হয়ে সংস্কার করবেন। তবে সংস্কার আর হয়নি।

বর্তমানে বাণিজ্য সংগঠনগুলো পুরোনো বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১-এর অধীনে প্রণীত বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ২০১১ সালে নতুন বাণিজ্য সংগঠন আইন প্রণয়নের উদ্যোগ নেয়, যা ২০১৩ সালে আরও সংশোধিত করে খসড়া চূড়ান্ত করা হয়। যদিও তা সংসদে ওঠেনি।

দুই পক্ষই সরকারের আশীর্বাদ চায়: আগামী নির্বাচনে এফবিসিসিআইয়ের সম্ভাব্য সভাপতি প্রার্থী এখন পর্যন্ত দুজন। একজন এখনকার প্রথম সহসভাপতি ও পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। অন্যজন এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন। জানা গেছে, দুই পক্ষই এখন সরকারের সমর্থন পাওয়ার চেষ্টায় আছে। এ বিষয়টিও গত মঙ্গলবার অনুষ্ঠিত এফবিসিসিআইয়ের সংস্কার নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় খোলাখুলিই আলোচনা হয়।

ব্যবসায়ী মহলে প্রচলিত আছে যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ ২০১২ সালে এফবিসিসিআইয়ে সভাপতি পদে নির্বাচন করার সময় জসিম উদ্দিনকে পরেরবারের জন্য অপেক্ষা করতে বলেছিলেন। এতে জসিম উদ্দিন আর প্রার্থী হননি। জানতে চাইলে জসিম উদ্দিন বলেন, ‘আমি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। অতীতে বিশেষ কারণে ইচ্ছা থাকলেও প্রার্থী হইনি।’

নির্বাচনে সরকারের আশীর্বাদ এত গুরুত্বপূর্ণ কেন, জানতে চাইলে এফবিসিসিআইয়ের একজন নেতা বলেন, এখন জেলা চেম্বারগুলোর বেশির ভাগ নেতা সরকার-সমর্থক ব্যবসায়ী। অন্যদিকে ২০টি মনোনীত পরিচালক পদ কোন সংগঠন থেকে আসবে, তা ঠিক করে সরকার। ফলে নির্বাচনে সরকারের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংস্কার প্রস্তাবে কী আছে: সালমান এফ রহমান কমিটি ১৪ জানুয়ারি সুপারিশ চূড়ান্ত করেছে বলে জানা গেছে। এ সুপারিশে বলা হয়েছে, এফবিসিসিআইতে পরিচালক পদ হবে ৬০টি। পরিচালকেরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। তবে ২৪টি পরিচালক পদ ২৪টি প্রধান ব্যবসায়ী সংগঠনের জন্য সংরক্ষিত থাকবে। সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচনে পরিচালকেরা এবং পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশন ও চেম্বারের সভাপতিরা ভোট দেবেন। এ ছাড়া কিছু প্রধান খাত ও অঞ্চলের জন্য কিছু পরিচালক পদ সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে। তবে কমিটির সংস্কার সুপারিশে এক খাতে অনেক সংগঠন থাকা এবং নামকাওয়াস্তে থাকা সংগঠনগুলো নিয়ে বিশেষ কিছু বলা হয়নি।

জানতে চাইলে সালমান এফ রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, দু-এক দিনের মধ্যে সুপারিশ পাঠানো হবে। এফবিসিসিআই নির্বাচনের পথে হাঁটায় এবার আর সংস্কার সম্ভব হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা সরকারের ওপর নির্ভর করে। সরকার যদি পারে, তাহলে করবে। এবার যদি না পারে, সামনের বার করবে।’ এফবিসিসিআইতে কী ধরনের সংস্কার দরকার—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চাচ্ছি সরাসরি নির্বাচন। আরেকটি বিষয় হলো, মনোনীত পরিচালকেরা যাতে তাঁদের সমিতি থেকে অন্তত নির্বাচিত হয়ে আসেন। নির্বাচনটা সব জায়গায় হোক। তবে আমরা মনোনীত পরিচালকের পক্ষে। নইলে বড় সংগঠনগুলো আসতে পারে না।’

এদিকে, এফবিসিসিআইতে শফিউল ইসলামের সমর্থকেরা চান, সরাসরি ভোটের ব্যবস্থা করতে হলে আগে ‘পকেট’ সংগঠন ও ভুয়া ভোটার দূর করতে হবে। যেসব সংগঠন এফবিসিসিআইয়ের সদস্য হয়, তাদের মধ্যে আগে সঠিকভাবে নির্বাচন ও অন্যান্য নিয়মকানুন প্রতিষ্ঠিত করতে হবে। নইলে সংস্কার অর্থবহ হবে না।

এ বিষয়ে প্রকাশ্যেই বলেছেন শফিউল ইসলাম। ১১ জানুয়ারি এফবিসিসিআইয়ের প্যাডে সাধারণ সদস্যদের দেওয়া এক চিঠিতে তিনি বলেন, এফবিসিসিআই ঘিরে একটি স্বার্থান্বেষী ও চক্রান্তকারী মহল গড়ে উঠেছে। ওই মহলটির আদৌ কোনো ব্যবসা-বাণিজ্য নেই। ভোট-বাণিজ্য করা ছাড়া আদৌ কোনো অবদান তাদের নেই। অস্তিত্ববিহীন সংগঠনের স্বত্বাধিকারীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেক ব্যবসায়ীর দায়িত্ব বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। তাঁর এ চিঠি নিয়ে পণ্যভিত্তিক বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ব্যাপক ক্ষুব্ধ হয়েছে। এর মাধ্যমে শফিউল ইসলাম আইন ভেঙেছেন বলে মনে করেন ওই সব সংগঠনের নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে শফিউল ইসলাম বলেন, ‘ভুয়া ও পকেট ভোট বন্ধ করতে হবে। সেটাই হবে প্রকৃত সংস্কার। আমি সরাসরি ভোটের পক্ষে, তবে সেটা হতে হবে বিশুদ্ধ ভোটার তালিকা দিয়ে। যেসব সংগঠন সাধারণ সভা করে না, নির্বাচন করে না, কার্যালয় নেই; অথচ তারা শীর্ষ সংগঠনে ভোট দিয়ে নেতা নির্বাচন করে, এটা হতে পারে না।’