পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে আবারও টানাপোড়েন সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে চুক্তির বিভিন্ন ধারা বাস্তবায়নের কথা বলা হলেও জনসংহতির দাবি, গত ১৭ বছরে একটি ধারারও পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। চুক্তি বাস্তবায়নে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা না করলে ৩০ এপ্রিলের পর অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি।
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতারা চলতি মাসে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে আয়োজিত আদিবাসীদের নববর্ষ উৎসবে বক্তব্য দিতে গিয়ে তাঁদের এই অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়েছেন। ১৫ এপ্রিল রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধবিহার মাঠে আয়োজিত জল উৎসবে বক্তব্য দিতে গিয়ে সন্তু লারমা চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাবের কথা উল্লেখ করেন। দলের নেতা–কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। সন্তু লারমা বলেন, ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা দেওয়া না হলে চুক্তি বাস্তবায়ন আন্দোলন শুরু হবে।
এর আগে গত বছরের ২৯ নভেম্বর ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনেও সরকারকে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে তিনি তখন অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন।
চুক্তি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে ঠিক কী ধরনের আশ্বাস চায় জনসংহতি সমিতি, জানতে চাইলে দলটির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘সরকার চুক্তি বাস্তবায়নের কথা বললেও এখনো পর্যন্ত কার্যত কোনো ধারার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। পার্বত্য জেলা পরিষদের অধীনে কয়েকটি সরকারি দপ্তর হস্তান্তর করা হলেও সেসবের কর্মবিধি ঠিক করা হয়নি। এ ছাড়া ভূমি কমিশন আইন সংশোধন না হওয়ায় মূল সমস্যা ভূমি বিরোধের নিষ্পত্তি হয়নি এখনো। এসব ক্ষেত্রে সরকার সব সময় চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে বলছে। কিন্তু আমরা চাই সরকার সুনির্দিষ্ট করে বলুক কখন কোন ধারার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে।’
এদিকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে এখনো সরকার সরে আসেনি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং। ১৬ এপ্রিল রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জল উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদের আগামী অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন অনুমোদন করা হবে। এ ছাড়া পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন তিনি।
জনসংহতির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কোনো কিছু দাবি করে দ্রুত বাস্তবায়ন আশা করলে অশান্তি সৃষ্টি হবে। আলোচনা সমঝোতার মাধ্যমে সবকিছু সমাধান করতে হবে। এ ছাড়া চুক্তির অধিকাংশ ধারাই বাস্তবায়ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে জনসংহতি আন্দোলন করলেও তা সহিংস হবে না বলেই মনে করেন পার্বত্য চট্টগ্রামের সুশীল সমাজের সদস্যরা। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, দীর্ঘ ১৭ বছরেও চুক্তির গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়িত না হওয়ায় অসহযোগ আন্দোলন হতেই পারে। তবে আন্দোলনে সহিংস কর্মসূচি থাকবে বলে মনে হয় না। আর সরকার যদি ইতিবাচক পদক্ষেপ নেয় তবে জনসংহতি আন্দোলন স্থগিত বা প্রত্যাহারও করতে পারে। এ নিয়ে সাধারণ মানুষের খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি মনে করেন।