ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সরকার–সমর্থক শিক্ষকদের মধ্যে বিরোধ আরও বাড়ছে। শিক্ষা মন্ত্রণালয় আইন মেনে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার কথা বললেও সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সমর্থক হিসেবে পরিচিত সিনেটের শিক্ষক প্রতিনিধিরা গতকাল মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছেন, সিনেটে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করে প্যানেলের বাইরে থেকে একজনকে উপাচার্য নিয়োগ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩–এর আদেশ লঙ্ঘিত হয়েছে।
অন্যদিকে আরেফিন সিদ্দিকের বিরোধী পক্ষ হিসেবে পরিচিত অংশটি বলছে, বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩–এর আদেশ লঙ্ঘিত হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই সরকার–সমর্থক শিক্ষকদের মধ্যে বিভেদ প্রকাশ্য রূপ নেয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরই মধ্যে গত মঙ্গলবার সহ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দিয়েছে সরকার।
এই নিয়োগের এক দিন পর গতকাল সিনেটের ৩১ জন শিক্ষক প্রতিনিধির (সবাই সরকার–সমর্থক বলে পরিচিত) নামে এক বিবৃতি দেওয়া হয়। এতে বিস্ময় প্রকাশ করে তাঁরা বলেন, উপাচার্য নিয়োগের উদ্দেশ্যে গত ২৯ জুলাই সিনেট কর্তৃক তিনজনের প্যানেল বিষয়ে একটি রিট আবেদন আদালতে বিচারাধীন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপাচার্য আরেফিন সিদ্দিক স্বপদে বহাল থাকতে পারবেন। এমতাবস্থায় অন্য একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া সরকার, উচ্চ আদালত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিব্রতকর। বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর সুস্পষ্ট লঙ্ঘনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর আঘাত এবং সিনেটকে অকার্যকর করার নানামুখী ষড়যন্ত্রের পথ সুগম হয়েছে।
তবে বিবৃতিতে ৩১ জনের নাম থাকলেও তাতে সই আছে ২৫ জনের। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন নাজমা শাহীন, আফতাব আলী শেখ, হাসিবুর রশীদ প্রমুখ। বিবৃতিদাতাদের একজন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ বিবৃতির বিষয়টি নিশ্চিত করে বলেন, কেউ না কেউ উপাচার্য নিয়োগ পেতেন। কিন্তু যে প্রক্রিয়ায় নিয়োগটি হলো, তা কারও জন্য মঙ্গলজনক হবে না।
এ বিষয়ে সদ্য বিদায়ী উপাচার্যের বিরোধী হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি ও আচার্য অধ্যাদেশের ১১(২) ধারা অনুযায়ী এই নিয়োগ দিয়েছেন। এতে অধ্যাদেশের কোনো ব্যত্যয় ঘটেনি, বরং এর আগে খণ্ডিত সিনেটের মাধ্যমে উপাচার্য প্যানেল নির্বাচন করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের অমর্যাদা ও লঙ্ঘন করা হয়েছে।
গত ২৪ আগস্ট উপাচার্য হিসেবে অধ্যাপক আরেফিন সিদ্দিকের স্বাভাবিক মেয়াদ শেষ হওয়াকে সামনে রেখে গত ২৯ জুলাই সিনেটের বিশেষ অধিবেশন ও উপাচার্য প্যানেল নির্বাচন হয়। কিন্তু পূর্ণ সিনেট গঠন না করে এই নির্বাচন করায় নির্বাচনের আগেই ১৫ জন শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত প্যানেল স্থগিত করেন। কিন্তু এই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই সাময়িকভাবে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, সাময়িক নিয়োগ হলেও চার বছরের জন্য নিয়োগ দেওয়ার সময় যেসব শর্ত লেখা থাকত, নতুন উপাচার্যের ক্ষেত্রেও তা-ই আছে। আরেফিন সিদ্দিক যখন প্রথম দফায় সাময়িকভাবে উপাচার্য হলেন, তখনো এই শর্তগুলোই লেখা ছিল। তিনি বলেন, নতুন উপাচার্য নিয়োগে আইনের কোনো ব্যত্যয় হয়নি। আইন মেনেই রাষ্ট্রপতি ও আচার্য এই নিয়োগ দিয়েছেন।
নতুন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান গতকাল পর্যন্ত দায়িত্ব বুঝে নেননি। বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর–সংলগ্ন লাউঞ্জে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ–উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন। বেশ কিছু শিক্ষকও তাঁকে শুভেচ্ছা জানান।
জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমি আজ বিকেলেই গ্রামের বাড়ি থেকে এসেছি। ফলে যোগদান ও প্রজ্ঞাপনের বিষয়টি এখনো ভালোভাবে দেখা ও জানার সুযোগ হয়নি। পুরোপুরি অবগত হয়ে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেব।’
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ গতকাল কার্যনির্বাহী কমিটির সভা ডাকলেও পরে স্থগিত করেন। এ বিষয়ে তিনি বলেন, অনেক শিক্ষক এখনো ছুটিতে ঢাকার বাইরে আছেন। কয়েকজন অসুস্থ। তাই সভা করা সম্ভব হয়নি।
তবে সমিতির সভাপতি মাকসুদ কামাল বলেন, যে এজেন্ডার (১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আদেশ) বিষয়টি উল্লেখ করে সভা ডাকা হয়, তাতে সদস্যরা একমত হতে পারেননি। এ জন্য কোরামও পূরণ হয়নি।