সরগরম চট্টগ্রাম আদালতপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ঢুকতেই আইনজীবীদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রার্থীদের পরিচিতিপত্র। এভাবে এক সপ্তাহ ধরে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, আওয়ামী লীগ ও প্রগতিশীল জোটের প্রার্থীরা।
১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে এখন সরগরম আদালতপাড়া। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ, মুক্তিযুদ্ধের পক্ষের জোট দুর্নীতিবিরোধী প্রগতিশীল সংগঠন সমমনা এবং বিএনপি-জামায়াতের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ৫৪ জন প্রার্থী ১৮টি পদে ভোটযুদ্ধে নেমেছেন। নির্বাচনে দুই হাজার ৮৫৪ জন ভোটার রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ সিরাজুল আলম বলেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১০ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধান, বিচারপ্রার্থীদের হয়রানি রোধ, দুর্নীতিমুক্ত বিচারালয় প্রতিষ্ঠাসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
নির্বাচনে সভাপতি পদে সমমনার আখতার কবির চৌধুরী, ঐক্য পরিষদের কফিল উদ্দিন চৌধুরী ও সমন্বয়ের আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জ্যেষ্ঠ সহসভাপতি পদে ঐক্য পরিষদের আবদুল মোতালেব, সমমনার রুহুল আমিন ও সমন্বয়ের সুধীর চন্দ্র তালুকদার প্রার্থী হয়েছেন। সহসভাপতি পদে ঐক্য পরিষদের আফাজুর রহমান, সমন্বয়ের সুরত জামাল ও সমমনার শেখ মুহাম্মদ রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে সমন্বয়ের আবদুর রশিদ, সমমনার এস এম জাহেদ বীরু এবং ঐক্য পরিষদের এস ইউ এম নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহসাধারণ সম্পাদক পদে সমন্বয়ের মিলি চৌধুরী, ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ হোসাইন চৌধুরী ও সমমনার মোহাম্মদ ইলিয়াছ কাজলিল চৌধুরী প্রার্থী হয়েছেন। অর্থ সম্পাদক পদে সমন্বয়ের যীশু কান্তি দাশ, ঐক্য পরিষদের মোহাম্মদ আবছার উর রশীদ ও সমমনার মোহাম্মদ আবু মুছা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্রন্থাগার সম্পাদক পদে সমমনার মোহাম্মদ মাহাবুবুল ইসলাম, ঐক্য পরিষদের মোহাম্মদ মহিউদ্দিন হাশেমী এবং সমন্বয়ের টিপু সুলতান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে সমন্বয়ের মাজেদা জামাল লুনা, সমমনার এহতেশাম পারভেজ সিদ্দিকী জুয়েল এবং ঐক্য পরিষদের মোহাম্মদ তারেক আবদুল্লাহ প্রার্থী হয়েছেন।
নির্বাহী সদস্যের ১০টি পদের জন্য ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন ফাতেমা আক্তার চৌধুরী, মুস্তাফিজুর রহমান, নুরুল করিম, রায়হান সালেহীন, মোহাম্মদ আবু বক্কর, আরেফীন রিজভী, রহীম উদ্দিন চৌধুরী, মুরশিদ আলম, শহিদুল ইসলাম সুমন ও শেখ জোবায়ের মাহমুদ।
সমমনা থেকে আবু সুফিয়ান, আশীষ কুমার শীল, সুসেন কান্তি দাশ, শেখ এ আহমেদ আদনান আরমান, সাজেদা বেগম, রহিমা বেগম, রিয়াজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ সিরাজদ্দৌলা, ফোরকান উদ্দিন, মোজাম্মেল আলী চৌধুরী জামশেদ এবং সমন্বয় থেকে সুচিত্রা লালা মুন্নী, শামসুদ্দিন মাহমুদ ফারুক, সুবিতা রাণী ভৌমিক, রহিমুন্নেছা, পিপলু কান্তি দাশ, মোহাম্মদ মহসিন, আরশাদুল ইসলাম, লিয়াকত হোসাইন চৌধুরী, মানস দাশ ও জামাল হোসাইন প্রার্থী হয়েছেন।