সরগরম পালপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল পয়লা বৈশাখ। এ উপলক্ষে মেলায় মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা থাকে বেশ। ছবিটি গত সোমবার শেরপুরের নালিতাবাড়ী শহরের পালপাড়া থেকে তোলা l প্রথম আলো
কাল পয়লা বৈশাখ। এ উপলক্ষে মেলায় মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা থাকে বেশ। ছবিটি গত সোমবার শেরপুরের নালিতাবাড়ী শহরের পালপাড়া থেকে তোলা l প্রথম আলো

পালবাড়ির চাকা আর আগের মতো ঘোরে না। এরপরও আসছে পয়লা বৈশাখে মেলা উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পালপাড়ায় চলছে নানা আয়োজন ও প্রস্তুতি। পালবাড়ির চাকার ঘূর্ণনে আবার তৈরি হচ্ছে মাটির হাতি-ঘোড়া, বাসনকোসন।
গত সোমবার সকালে নালিতাবাড়ী শহরের পালপাড়ায় গিয়ে দেখা যায়, মৃৎশিল্পীরা পুতুল, হাতি, ঘোড়া, বাঘ, হরিণ, গাছ, পাখি, ফুল, ফুলের টব, ফলমূল ইত্যাদি সামগ্রীতে রং দেওয়ার কাজ করছেন।
এ পাড়ার প্রতিমা রানী পাল বলেন, এখন মাটির তৈরি এসব খেলনা সব সময় চলে না। শুধু বৈশাখী মেলায় চাহিদা থাকে। আগে এ পাড়ায় ৫০টির মতো পরিবার এসব কাজ করত। এখন ১০-১২টা পরিবার এসব কাজ করে। দিন দিন এ পেশা থেকে অনেকেই অন্য পেশায় চলে গেছে।
মৃৎশিল্পী জীবন চন্দ্র পাল বলেন, শেরপুর থেকে এক ট্রলি মাটি চার হাজার টাকায় কিনতে হয়। পরে এই মাটি দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়।
রোববার পাকুন্দিয়া উপজেলার তালদশী পাড়ায় ঢুকে উঠান দেখেই বোঝা যায়, এটা পালবাড়ি। সেখানে মাটি দিয়ে বিশেষ কায়দায় তৈরি হচ্ছে তৈজসপত্র। এরপর আগুনে পুড়িয়ে শুকানো হচ্ছে সেগুলো। এর নাম পুইন। এ পুইন সাজানোর প্রক্রিয়াও একটা শিল্প। মাটির নানা ধরনের জিনিস পুড়িয়ে এনে তার ওপর চলছে পালিশ ও রঙের আঁচড়। মাটির এসব জিনিস বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তরেই দিতে হয় শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া।
বাদল চন্দ্র, চঞ্চলা রানী, দিপালী রানী, পারুল রানী পালসহ পাড়াটির কয়েকজন মৃৎশিল্পী বলেন, পয়লা বৈশাখে মাটির খাবারের বাসন-সানকি বানানোর চাহিদা বাড়ে। এ সানকিতে পান্তাভাত খাওয়া হয়। সে জন্য প্রতিবছরই এ সময় প্রচুর বাসন তৈরি করেন তাঁরা। এ ছাড়া সারা বছরে তেমন কোনো চাহিদা না থাকায় সে সময় ফুলের টব, শোপিস, খেলনার সামগ্রী, মাটির ব্যাংক ইত্যাদি তৈরি করেন তাঁরা।
পালপাড়ার কয়েকজন বলেন, পালেরা নিজেরাই এখন সমস্যার ঘূর্ণিপাকে। তাই পালবাড়ির চাকা এখন আর তেমন ঘোরে না। মাটির হাঁড়ি-পাতিল, কলসি, ঠিলা, বদনার ব্যবহার কমে গেছে। বর্তমানে হাতে গোনা কিছু এলাকার পালেরা অপেক্ষায় থাকেন কখন আসবে মেলা। তাঁদের বেশির ভাগই প্রতিবছর পয়লা বৈশাখের জন্য মাটির জিনিসপত্র বানিয়ে প্রতীক্ষায় থাকেন। মেলা বসলে তাঁরা খেলনা হাঁড়ি-পাতিল, পুতুল, ফুলের টবসহ টুকিটাকি নানা তৈজসপত্র নিয়ে পসরা সাজান। এভাবেই চলছে তাঁদের টানাপোড়েনের জীবন। আর কদিন পরেই পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। তাই দিনটি সামনে রেখে পালপাড়ায় এখন চলছে প্রস্তুতি।
সুশীল, হেলেনা রানী পালসহ কয়েকজন বলেন, আগে এ পাড়ায় সহস্রাধিক মৃৎশিল্পী ছিলেন। এখন এ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা কমে শতাধিকে দাঁড়িয়েছে। এখন মাত্র ১৫-১৬টি পরিবার বাপ-দাদার ঐতিহ্যবাহী এ পেশা আঁকড়ে ধরে আছে। অনেকে এ পেশা ছেড়ে হয়েছেন শিল্পকারখানার শ্রমিকসহ নানা পেশাজীবী। চাহিদা কমে যাওয়ায় এ পেশায় আজ টিকে থাকাই দায় হয়েছে। এভাবে চলতে থাকলে একদিন হারিয়ে যাবে এ পেশা।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ গত সোমবার প্রথম আলোকে বলেন, পালদের ব্যাপারে তিনি খোঁজ নেবেন। সরকারিভাবে সহযোগিতা করে এ শিল্পকে টিকিয়ে রাখার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।