সরছে না নারায়ণগঞ্জের অবৈধ ট্রাকস্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জে ১৫০ শয্যাবিশিষ্ট জেলা জেনারেল হাসপাতালের সামনে ট্রাকে মালামাল ওঠানামা করা হচ্ছে। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জে ১৫০ শয্যাবিশিষ্ট জেলা জেনারেল হাসপাতালের সামনে ট্রাকে মালামাল ওঠানামা করা হচ্ছে। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জের প্রধান সড়কের দুই পাশের অবৈধ ট্রাকস্ট্যান্ড এখনো রয়েছে বহাল তবিয়তে। বারবার উচ্ছেদ অভিযান চললেও কয়েক দিনের মধ্যে আবারও দখল করে গড়ে তোলা হচ্ছে অবৈধ ট্রাকস্ট্যান্ড। মানা হচ্ছে না হাইকোর্টের নিষেধাজ্ঞাও।
গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের আদেশ দেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা থেকে সব ধরনের অবৈধ স্ট্যান্ড অপসারণে হাইকোর্টের নির্দেশনা চেয়ে ২০১৬ সালে রিট পিটিশনটি করেছিলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নগরীর বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ অংশে ১৫০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, নগর ভবন, মণ্ডলপাড়া ফায়ার স্টেশনসহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। ট্রাকস্ট্যান্ডের কারণে নগরের পথচারী, এলাকাবাসী এবং যাত্রীদের প্রতিনিয়ত যানজটে পড়তে হচ্ছে। ট্রাকস্ট্যান্ডের লোকজন ভিক্টোরিয়া হাসপাতাল এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভেতরে রোগীদের জন্য নির্ধারিত টয়লেটও ব্যবহার করেন।
এদিকে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের ফটকের সামনে ট্রাক থামিয়ে পণ্য ওঠানো-নামানোর কাজ করা হয়। এ কারণে অগ্নিনির্বাপণকাজে গাড়ি ঘটনাস্থলে সময়মতো পৌঁছাতে না পারার ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভোগ্যপণ্য ব্যবসায়ীদের মালামাল দেশের বিভিন্ন স্থানে পরিবহন করার কাজ করে এই অবৈধ স্ট্যান্ডের ট্রাক-কাভার্ড ভ্যানগুলো। এ ছাড়া টানবাজারের ব্যবসায়ীদের সুতা, রং ও কেমিক্যালও এখান থেকে পরিবহন করা হয়। এখানে প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা লেনদেনও হয় বলে জানিয়েছেন বেশ কয়েকজন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিব বলেন, বঙ্গবন্ধু সড়কের ট্রাকস্ট্যান্ডটি অবৈধ। পঞ্চবটীতে সিটি করপোরেশনের ট্রাক টার্মিনাল থাকলেও সেখানে ট্রাক রেখে মেরামতের কাজ করেন মালিকেরা।
জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড অপসারণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে জেলা প্রশাসন বৈঠক করবে। উচ্ছেদ করার পরও কেন আবার দখল হয়, সেটাও জানার চেষ্টা করা হবে।