সরঞ্জামস্বল্পতার কারণে গ্যাস-সংযোগে ধীরগতি
সরঞ্জাম (রাইজার) স্বল্পতার কারণে চট্টগ্রামে আবাসিক গ্রাহকদের গ্যাস-সংযোগ ধীরগতিতে চলছে। গ্রাহকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চট্টগ্রামে গ্যাস বিতরণের দায়িত্বে থাকা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। এ কারণে একসঙ্গে দুইয়ের বেশি ঠিকাদারকে কার্যাদেশও দিতে পারছে না তারা।
জানা গেছে, পেট্রোবাংলার সঙ্গে চুক্তি থাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠান থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করতে হয়। সংখ্যায় কম হওয়ায় এসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে চাহিদামাফিক সরঞ্জাম সরবরাহ করতে পারছে না।
কেজিডিসিএল ও ঠিকাদার সূত্রে জানা গেছে, গ্যাস-সংকটের কারণে সারা দেশের মতো চট্টগ্রামেও তিন বছর সংযোগ বন্ধ ছিল। ফলে অপেক্ষমাণ গ্রাহকের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়। গত বছর মে থেকে নতুন করে গ্যাস-সংযোগ চালুর পর চট্টগ্রামকে উত্তর ও দক্ষিণ এ দুটো অঞ্চলে ভাগ করে গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়। কিন্তু সংযোগ চালু করার পরই সরঞ্জামের অপ্রতুলতায় শুরুতেই হোঁচট খেতে শুরু করে কেজিডিসিএল। এ পর্যন্ত চট্টগ্রামে ১০ হাজারের মতো সংযোগ দেওয়া শেষ হয়েছে। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ২০ হাজার গ্রাহক। প্রতিদিনই এ তালিকা বড় হচ্ছে।
সংযোগে ধীরগতির কারণ হিসেবে জানা গেছে, বিসিকের তালিকাভুক্ত হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান গ্যাস-সংযোগের সরঞ্জাম তৈরি করে। যেমন গ্যাস-সংযোগে ব্যবহৃত অটোপার্ফ সার্ভিসিট তৈরি করে মাত্র তিনটি প্রতিষ্ঠান, তেমনি ফোর্জড অ্যালবো তৈরি প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র চারটি। এই প্রতিষ্ঠানগুলোই সারা দেশে গ্যাস-সংযোগের সরঞ্জাম সরবরাহ করে। কিন্তু বর্তমানে চাহিদা কয়েক গুণ বেড়ে গেলেও প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়েনি।
কেজিডিসিএল জানায়, পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় এক ঠিকাদারকে দুই হাজার সংযোগের বেশি কার্যাদেশ দেওয়া হচ্ছে না। দরপত্র শিডিউলে এসব সংযোগ শেষ করার জন্য সময়ও দেওয়া হচ্ছে এক বছর। চট্টগ্রামের উত্তর অংশে চাপ বেশি থাকায় এ অঞ্চলে একই সময়ে দুজন ঠিকাদার কাজ করছে। কিন্তু সেটিও চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ পর্যন্ত চট্টগ্রামের উত্তর অংশে ছয় হাজারের মতো সংযোগ দিতে পেরেছে কেজিডিসিএল। দক্ষিণে এ পর্যন্ত দুই হাজার সংযোগ দেওয়া শেষ। আরও দুই হাজার সংযোগ দেওয়ার কাজ চলছে। সরঞ্জাম ও যোগ্য ঠিকাদারের অভাবে দক্ষিণে একজন ঠিকাদার কাজ করছেন।
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মীর আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘একদিকে সরঞ্জামের স্বল্পতা রয়েছে, পর্যাপ্ত ঠিকাদারও নেই। তার পরও সংযোগের গতি বাড়ানোর জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি।’
সংযোগের কাজ অব্যাহত রাখতে দুই অংশেই নিয়মিত দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছেন কেজিডিসিএলের কর্মকর্তারা। তবে চট্টগ্রামের অনেক ঠিকাদারই দরপত্রের প্রাকযোগ্যতা পূরণ করতে পারছে না বলেও দাবি করেছেন কর্মকর্তারা। কেজিডিসিএলের মহাব্যবস্থাপক সহিদ আলী প্রথম আলোকে বলেন, দরপত্র বাছাইয়ের ক্ষেত্রে ক্রয়-সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে হচ্ছে। চট্টগ্রামের দক্ষিণে দুই মাস আগে দরপত্র খোলা হয়েছে, কিন্তু যোগ্য কাউকে পাওয়া যায়নি।
এদিকে গ্যাস-সংযোগের গতি ধীর হওয়ায় অনেক গ্রাহকই ঠিকাদারদের দুষছেন বলে দাবি করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লাহ। তিনি বলেন, গ্রাহকদের স্বার্থে কেজিডিসিএলের উচিত যেকোনো উপায়ে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম সংগ্রহ করা। এ ছাড়া কার্যাদেশে একজন ঠিকাদারকে ২০০০- এর পরিবর্তে আরও বেশিসংখ্যক দেওয়া যায় কি না এ বিষয়টিও বিবেচনা করে দেখতে পারে কোম্পানি।