পর্যটনের জন্য প্রসিদ্ধ কক্সবাজারের সেন্ট মার্টিনে সাড়ে সাত হাজার লোক বাস করে। এ ছাড়া সারা বছর পর্যটকদের ভিড় তো আছেই। অথচ দ্বীপটিতে ভালো চিকিৎসাব্যবস্থা নেই। সবে ধন নীলমণি একটি হাসপাতাল আছে, যেখানে একজন ছাড়া আর কোনো চিকিৎসক, সেবিকা, এমনকি যন্ত্রপাতি নেই। এতে বেড়াতে আসা পর্যটকেরা যেমন ভোগান্তিতে পড়েন, তেমনি দ্বীপবাসীকেও অসুখ-বিসুখে একরকম বিনা চিকিৎসায় দুর্ভোগ পোহাতে হয়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, ‘দ্বীপে আসা বহু পর্যটক চিকিৎসা নিতে ৩৫ কিলোমিটার সাগর পাড়ি দিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। অনেকে একটিমাত্র ফার্মেসি থেকে ওষুধ কিনে খান। স্থানীয় মানুষজন ওষুধ কিনতে না পেরে লতাপাতার টোটকা খেয়ে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করেন।’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর আহমদ জানান, সারা বিশ্বে সেন্ট মার্টিনের পরিচিতি থাকলেও এখানকার মানুষ এখনো সেই আদিম যুগেই যেন বাস করছে। গত তিন মাসে এই দ্বীপে প্রসববেদনায় কষ্ট পেয়ে বিনা চিকিৎসায় মারা গেছেন চার গৃহবধূ । দ্বীপের সবচেয়ে বড় আবাসিক হোটেল ‘ব্লু মেরিন’-এর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের হোটেলে যাঁরা আসেন, তাঁদের চাহিদামতো ওষুধ আমরা সরবরাহ করি। এখানে কোনো ডাক্তার নেই বলে পর্যটকদের সমস্যায় পড়তে হয়। তাই হোটেল বুকিং করার সময়ই পর্যটকদের আগাম জানিয়ে দিই, এখানে ডাক্তার নেই, প্রস্তুতি নিয়ে আসবেন।’ অনুসন্ধানে জানা গেছে, ২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার হাসপাতালটি উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠার প্রথম বছর কোনো রকম স্বাস্থ্যসেবা দিয়েছে। এর পর থেকে এ হাসপাতাল লোকজনের কোনো কাজেই আসছে না। এখনো হাসপাতালের জরুরি, ডেন্টাল, গাইনি, সার্জারি ও মেডিসিন বিভাগে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। চারজন এমবিবিএস চিকিৎসকসহ ৩৫ জনকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও বর্তমানে চিকিৎসা কর্মকর্তা পদে শংকর চন্দ্র দেবনাথ ছাড়া কোনো চিকিৎসক নেই। শংকর চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালের আন্তবিভাগ (ইনডোর) চিকিৎসাব্যবস্থা এখনো চালু হয়নি। বহির্বিভাগে (আউটডোর) কিছু রোগী দেখে ওযুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। এতেও মানুষ ক্ষুব্ধ। কারণ, হাসপাতালে কোনো যন্ত্রপাতি না থাকায় চাহিদামতো সেবা দেওয়া যাচ্ছে না। লোকবল সংকটের কারণে হাসপাতালের মূল্যবান জিনিসপত্রও চুরি হয়ে যাচ্ছে।