সরণি এখন ধরণি
সারা দুনিয়ার মতো কলকাতার রাস্তার নাম বিভিন্ন মনীষী ও বিখ্যাত ব্যক্তিদের নামে। সেখানে ব্যক্তির নামের সঙ্গে সড়ক, সরণি, রোড ইত্যাদি যুক্ত হয়। এ বিষয়ে গত সোমবার কলকাতায় তৈরি হলো এক নতুন ইতিহাস। সরণি থেকে হয়ে গেল ধরণি।
দক্ষিণ কলকাতার লি রোডে রয়েছে বিশ্ববিখ্যাত চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের বাসভবন। সেই সড়কের সৌন্দর্যবর্ধন করার জন্য উদ্যোগ নেয় কলকাতা পৌরসভা। এ উপলক্ষে গত সোমবার বিকেলে সত্যজিৎ রায়ের বাসভবনের কাছে সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। এ অনুষ্ঠানে মেয়র ঘোষণা দেন, কলকাতা পৌরসভা লি রোডের নাম পরিবর্তন করে সত্যজিৎ রায় সরণি করবে। এ সময় পাশে থাকা মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘সরণি তো অনেক আছে, এটা সত্যজিৎ রায় ধরণি করে দাও।’ ব্যস, সরণি হয়ে গেল ধরণি।
গত মঙ্গলবারই পৌরসভা সত্যজিৎ রায়ের বাড়ির সামনের সড়কে লাগিয়ে দিয়েছে ‘সত্যজিৎ ধরণী’। এই নামকরণে কলকাতায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভাষাবিদ অধ্যাপক পবিত্র সরকার প্রথম আলোকে বলেছেন, ‘আমরা তো ধরণি বলতে পৃথিবীকে বুঝি। উনি কি ভেবে ধরণি রেখেছেন তা উনিই বলতে পারবেন। আমাদের হয়তো জ্ঞানের ঘাটতি রয়েছে। মনে হলো এটা একটা হাস্যকর ব্যাপার।’ ভাষা ও চেতনা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমানুল হক প্রথম আলোকে বলেছেন, ‘আমি সব সময় নতুনের পক্ষে। তবে মুখ্যমন্ত্রী কী অর্থে এই নামকরণ করলেন বুঝে উঠতে পারিনি।’
আর কবি সুবোধ সরকারের মতে, ‘একদিন এই ধরণিই ট্র্যাডিশন হয়ে যাবে। কেননা, কেউ এর অর্থ নিয়ে এখনো ভাবতে পারছেন না।’ তিনি বলেন, ‘কিছু কিছু মানুষের নতুন কিছু দেখলেই মাথা খারাপ হয়ে যায়। অর্থ বোঝার চেষ্টা করে না। সরণির পরিবর্তে ধরণিতে আপত্তি কেন তাদের?’
এ বিতর্কের মধ্যে লন্ডনপ্রবাসী এক বাঙালি তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ধরাকে সরা জ্ঞান করলে সরণি ধরণি হয়ে যায়।