সরদহ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ রেলস্টেশনে সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার উপজেলার চৌরাস্তার মোড়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনে জেলার চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, রাজশাহীর বানেশ্বর বৃহত্তম বাণিজ্য স্থান। চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, ক্যাডেট কলেজ ও আন্তর্জাতিক মানের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে। সরদহ স্টেশনে যাত্রাবিরতি করা হলে বাঘা, দুর্গাপুর, পুঠিয়া উপজেলার মানুষজন অনেক উপকৃত হবেন। তাঁদের ট্রেনের জন্য রাজশাহী শহরে আসতে হবে না।
সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আকবর হোসেন সরকার বলেন, ‘আমাদের দাবি, সব আন্তনগর ট্রেন সরদহ রেলস্টেশনে থামাতে হবে এবং পদ্মা এক্সপ্রেস ট্রেনে এই অঞ্চলের মানুষের জন্য আসনসংখ্যা বাড়াতে হবে। ২১ ফেব্রুয়ারি সব আন্তনগর ট্রেন সরদহ রেলস্টেশনে যাত্রাবিরতি না করলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’