সরদার জয়েনউদ্দীনের নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যিক, জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক মহাপরিচালক সরদার জয়েনউদ্দীনের কাঁঠালবাগানের নির্মাণাধীন বাসায় ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় মামলা হলেও গত চার দিনে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন সন্ত্রাসীরা কাঁঠালবাগানে নির্মাণাধীন পাঁচতলা ভবনটির জানালার কাচ ভাঙচুর করে। এ বিষয়ে ভবনের তত্ত্বাবধায়ক ইকরাম হোসেন চৌধুরী বাদী হয়ে কলাবাগান থানায় ওই রাতেই একটি মামলা করেন। আবাসন কোম্পানি দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) ভবনটি নির্মাণ করছে।মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ জুন রাতে স্থানীয় সাত-আটজন সন্ত্রাসী কাঁঠালবাগানের ওই বাসায় জোর করে ঢুকে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের মারধর করে। তারা বিভিন্ন তলার জানালার কাচ ভাঙচুর করে চলে যায়।চার দিনেও আসামিদের ধরা না পড়ার ব্যাপারে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আসামিদের খোঁজা হচ্ছে। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’