সরদার ফজলুল করিম ও আবুল হোসেনকে স্মরণ
সমাজ পরিবর্তনে সরদার ফজলুল করিমের যে অঙ্গীকার ছিল, তিনি আজীবন সেই অঙ্গীকার রক্ষা করেছেন। দার্শনিক সরদার ফজলুল করিম ও কবি আবুল হোসেন স্মরণে আয়োজিত নাগরিক স্মরণ অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।
আবুল হোসেনকে নিয়ে আলোচনায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘কবি আবুল হোসেন আমাদের কবিতায় আধুনিক সুরের সঞ্চার করেছেন। তাঁর কবিতায় পরিশীলন ও নাগরিকতার উপযোগী ঠাট্টার যে সন্নিবেশ ঘটেছে তা অভূতপূর্ব।’
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সমাজ পরিবর্তনের জন্য যে সাংস্কৃতিক প্রস্তুতি দরকার, সরদার ফজলুল করিম তার জন্য সব সময় কাজ করেছেন। তিনি শ্রেণিবৈষম্য দূর করার জন্য কাজ করেছেন।
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, সরদার ফজলুল করিম ও আবুল হোসেনের সততা, নিষ্ঠা অনুকরণ করতে পারলেই তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, সরদার ফজলুল করিম আজীবন মানুষের রাষ্ট্রচিন্তাকে শাণিত করার চেষ্টা করেছেন।
বিকেল সাড়ে পাঁচটায় কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর নজরুলসংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তি করা হয়।