সরদার ফজলুল করিম বেঁচে থাকবেন প্রগতিবাদী মানুষের চেতনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবনের কোনো পরাজয় নেই, জীবন জেগেই থাকে।—এটা সরদার ফজলুল করিমের জন্যই প্রযোজ্য। জীবনবাদী এই মানুষ সারাটি জীবন অন্ধকারের পথ কেটে কেটে চলেছেন। তাঁর শারীরিক শূন্যতা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তাঁর মৃত্যু নেই। তিনি বেঁচে থাকবেন অগণিত প্রগতি ও মুক্তবাদী মানুষের চেতনায়।’
গতকাল রোববার দুপুর ১২টায় প্রয়াত দার্শনিক ও লেখক সরদার ফজলুল করিম স্মরণে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেছেন। নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশনের দোতলায় সৃজনশীল বইয়ের বিপণন প্রতিষ্ঠান ‘বইপত্র’ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী পণ্ডিত রামকানাই দাশ।
শিশুসাহিত্যিক তুষার করের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি শুভেন্দু ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত ও সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন। স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাম রাজনীতিক মঈনুদ্দিন আহমদ, কবি পুলিন রায়, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক নিরঞ্জন দে, কবি মালেকুল হক, জয়দেব কর, বিমান তালুকদার প্রমুখ।