‘জীবনের কোনো পরাজয় নাই, সংকট বাদে জীবন নাই। তাই বলেই সংকট পরাজয় নয়।’ এই বাণীকে কেন্দ্র করে প্রগতিশীল চিন্তাবিদ, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক সরদার ফজলুল করিম স্মরণে গতকাল শুক্রবার সকালে নেত্রকোনা শহরের আদর্শ শিশু বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা মুক্তবাতায়ন পাঠচক্র এর অয়োজন করে।
সভায় প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার বলেন, সরদার ফজলুল করিম আমৃত্যু সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। তিনি বলেন, মধ্যবিত্ত শ্রেণি ব্যাঙের মতো। এরা কখনো এক পাল্লায় থাকে না। তাদের শ্রেণিবৈষম্য বোঝাতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাই সরদার ফজলুল করিমের রচনা পাঠ তরুণদের জন্য জরুরি। সরদার ফজলুল করিম কাউকে (কোনো মতবাদকে) বাতিল করে দেওয়ার মতবাদে বিশ্বাস করতেন না।
সভায় শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার বলেন, সরদার ফজলুল করিম সত্যকে সত্য দেখতেন তাঁর তৃতীয় নয়ন ছিল বলে। তাই তিনি ছিলেন সাচ্চা কমিউনিস্ট। সে জন্য তাঁর পক্ষে বলা সম্ভব ছিল, ‘কেউ কমিউনিস্ট না থাকলেও আমি কমিউনিস্ট থাকব।’ তিনি আরও বলেন, দর্শনকে সমৃদ্ধ করে বিজ্ঞান। সেই শিক্ষা সরদার ফজলুল করিমের মধ্যে ছিল।