সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকেই সমাজতন্ত্রের বিলোপবাদে বিশ্বাসী হয়ে পড়েছিলেন। সরদার ছিলেন তাঁদের বিরুদ্ধে। তিনি শত বাধাতেও সমাজতন্ত্রের ঝাণ্ডা উঁচিয়ে রেখেছিলেন। তাঁর কাছে সবচেয়ে বড় পরিচয় ছিল মানুষ।
রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে গতকাল রোববার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত সাবেক জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিমের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মনুষ্য পরিচয়কে দূরে সরিয়ে, সাম্প্রদায়িক পরিচয়কে বড় করে তোলার যে চেষ্টা, সরদার ফজলুল করিম ছিলেন এর ঘোর বিরোধী।
অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী বলেন, কারও কাছে নত হওয়া নয়, সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে নেওয়া এই ছিল সরদারের শিক্ষা। তিনি বিপ্লবকে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। সরদার ছিলেন সাচ্চা কমিউনিস্ট।
সরদার ফজলুল করিমের মেয়ে আফসানা করিম বলেন, বাবা ছিলেন কৃষকের সন্তান। মাটির প্রতি টান কখনো কমে যায়নি বলেই তিনি সাধারণ মানুষের সঙ্গে সহজেই মিশে যেতেন। তরুণ প্রজন্ম তাঁকে চর্চা করলে সমৃদ্ধ হতে পারবে।
বক্তারা বলেন, সরদার ফজলুল করিম দর্শনের জটিল দিকগুলো সহজভাবে লিখেছেন। নিজের চিন্তাকে সৃজনশীল করতে শিখিয়েছেন। প্রকৃত বুদ্ধিজীবীর দায়িত্ব পালন করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। তিনি বিপ্লবকে এগিয়ে নিতে বিদেশি বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে ভিন্ন ধরনের জীবনকে বেছে নিয়েছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফজলুল করিমের জামাতা শাকিল আকতার, সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, অধ্যাপক শফিউদ্দীন আহমেদ, যুব ইউনিয়ন সভাপতি কাফি রতন প্রমুখ।
বক্তারা সরদার ফজলুল করিমের জ্ঞানচর্চা, ব্যক্তিজীবন, রাজনৈতিক চেতনা ও দার্শনিক ভাবনা নিয়ে স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানের শুরুতেই সরদার ফজলুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।