সরব কর্মকারপল্লি
হাতুড়ি পেটার টুংটাং শব্দে মুখরিত গ্রামের প্রতিটি ঘর। কেউ দগদগে লাল লোহা পেটাচ্ছেন, কেউ শাণ দিচ্ছেন, আবার কেউ হাপর দিয়ে কয়লার আগুনে বাতাস দিচ্ছেন। ফুরসত নেই কারোর। কোরবানির ঈদ উপলক্ষে সবাই দিন-রাত এক করে দা-বঁটি, ছুরি, চাপাতি বানাতে ব্যস্ত।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের চিত্র এটি। সবার কাছে এটা কাস্তে গ্রাম হিসেবেই পরিচিত। আড়াইবাড়িয়া গ্রামে তিন শতাধিক কর্মকার পরিবার রয়েছে। ধান কাটাকে সামনে রেখে গ্রামে কাস্তে তৈরির ধুম পড়ে যায়। সেখান থেকেই কাস্তে গ্রাম নামটি এসেছে। তবে এখানকার কর্মকারেরা দা, বঁটি, ছুরিসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র তৈরি করেন। ঈদুল ফিতর ও কোরবানির ঈদের আগেও তাঁদের কাছে দা-বঁটি তৈরির প্রচুর ফরমাশ আসে।
গ্রামের কর্মকারেরা বলেন, তাঁরা ঈদের জন্য নতুন দা-বঁটি, ছচাপাতি তৈরির কাজ প্রায় শেষ করে এনেছেন। এদিকে পাইকারেরা এসে প্রতিদিনই তাগাদা দিচ্ছেন কারিগরদের। এখানকার তৈরি সরঞ্জাম চলে যাবে সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়।
কর্মকার রোকন উদ্দিন বলেন, আগুনের উৎস হিসেবে তাঁরা দেশীয় কয়লা ব্যবহার করে থাকেন। আর কর্মকারেরা নিজ উদ্যোগে ভৈরব, ঢাকা ও চট্টগ্রাম থেকে লোহার পাত নগদ টাকায় কেনেন। তাঁরা দা, বঁটি, ছুরি ছাড়াও হাতুড়ি, লাঙলের ফালা, ছেনি, নিড়ানি, খুন্তিসহ নানা সামগ্রী তৈরি করেন।
কিশোরগঞ্জ সদর থেকে আসা শরিফ মিয়া নামে এক ক্রেতা বলেন, দা’র আকৃতি ও লোহাভেদে ১০০-৫০০, ছুরি ১৫০ থেকে ৪০০ টাকা, চাকু প্রতিটি সর্বোচ্চ ১৫০ টাকা, হাড় কোপানোর চাপাতি প্রতিটি ৩০০-৭০০ টাকায় বেচাকেনা হচ্ছে।
গ্রামের কর্মকারেরা আরও বলেন, বাপ-দাদার এ পেশাকে বহু কষ্টে এখনো তাঁরা টিকিয়ে রেখেছেন। তাঁদের বড় সমস্যা পুঁজি। ব্যাংক থেকে তাঁরা সহজ শর্তে ঋণ পান না। এ জন্য মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ এনে ব্যবসা চালাতে হচ্ছে। গ্রামের কর্মকার বাদল মিয়া বলেন, কোরবানির ঈদ উপলক্ষে দৈনিক আয় হয় পাঁচ থেকে সাত হাজার টাকা। কিন্তু অন্য সময়গুলোতে আয় হয় অনেক কম। বর্তমানে বাজারে চীনের সামগ্রী আসায় দেশীয় কর্মকারদের তৈরি লোহার বিভিন্ন সামগ্রী বিক্রি কমে গেছে।