শীতের মৌসুম শেষ হওয়ায় কিছুদিন ধরেই সবজির বাজার ঊর্ধ্বমুখী। দামও বাড়ছে। এর সঙ্গে আবার যোগ হয়েছে বিএনপির ডাকা মহাসমাবেশ এবং একে ঘিরে সরকারের অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা।ফলে গতকাল রোববারের বাজারের চিত্র ছিল অন্য দিনের চেয়ে ভিন্ন। গতকাল বিকেলে রাজধানীর বড় সবজির আড়ত পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, সরবরাহ তুলনামূলক কম। এর ফলে সবজির দাম চড়ে গেছে। কারওয়ান বাজারে দুই দিন আগেও যে সবজির দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা, তা গতকাল বিক্রি হয়েছে ৪০ টাকায়। একজন বিক্রেতা বলেছেন, ‘আইজকা (রোববার) রাইতে যদি মাল না আহে, তাইলে কাইলকা দাম আরও বাড়ব।’কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতারা প্রথম আলোকে জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতি রাতে কারওয়ান বাজারে প্রায় ২৫ লাখ টন সবজি আসে। গত শনিবার রাতে এসেছে তার চেয়ে ২০ শতাংশ কম। আর বিভিন্ন স্থান থেকে ৫০০ থেকে ৭০০ ট্রাক প্রতি রাতে কারওয়ান বাজারে এলেও শনিবার রাতে তার চেয়ে ৫০ থেকে ১০০টি ট্রাক কম এসেছে।আরেক বড় পাইকারি বাজার শ্যামবাজারেও গতকাল সবজির সরবরাহ ছিল কম। শ্যামবাজার কৃষিপণ্য আড়ত মালিক ব্যবসায়ী সমিতির নেতারা প্রথম আলোকে বলেন, প্রতি রাতে ১০০টির মতো সবজিবাহী ট্রাক শ্যামবাজারে ঢোকে। শনিবার ট্রাক কম ঢুকেছে। শুক্রবার ঢুকেছিল ৬০ থেকে ৭০টি। সে কারণে দুই বাজারে সবজিও বিক্রি হয়েছে বেশি দামে। কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি করলা ৪০, ঢ্যাঁড়স ২৫, চিচিঙা ৩০, বেগুন মান ও আকারভেদে ২৫ থেকে ৩৫, ফুলকপি ২০ থেকে ২৫, বাঁধাকপি ১২ থেকে ১৫, শিম ৩০, বরবটি আকারভেদে ৪০ থেকে ৫০, পটোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আড়াই শ গ্রাম ১০ টাকা।কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা দেলোয়ার হোসেন কাঁচা মরিচ বিক্রি করছিলেন ৩০ টাকা কেজি। জানালেন, শনিবার তিনি মরিচ বিক্রি করেছিলেন ২০ টাকা কেজি। কেন আজ বেশি দাম রাখছেন?—জানতে চাইলে প্রথম আলোকে বলেন, ‘গতকাল (শুক্রবার রাতে) মাল আসছিল বেশি, আজকে (শনিবার রাতে) আসছে কম। তাই বেশি দাম রাখতাসি।’বাজারে সবজির সরবরাহ কম হওয়ার কারণ জানতে চাইলে কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, শীতকালীন সবজির মৌসুম শেষের পথে। সে কারণে আগামী এক-দেড় মাস বাজারে সবজির সংকট যাবে। এ ছাড়া বিএনপির মহাসমাবেশের কারণে আড়তদার ও বেপারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।শ্যামবাজার কৃষিপণ্য আড়ত মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি শামসুল আলম বলেন, সরকার সব রাস্তায় গাড়ি বন্ধ করে দেওয়ায় শনিবার ট্রাক কম ঢুকেছে। সে কারণে দামও কিছুটা বেড়েছে। কারওয়ান বাজারে বিক্রি হওয়া টমেটোর বেশির ভাগই আসে রাজবাড়ী আর কুমিল্লা থেকে। বেপারিদের কাছ থেকে টমেটো কিনে তা পাইকারি বিক্রি করেন মোহাম্মদ পলাশ। তিনি প্রথম আলোকে জানান, রাজবাড়ী থেকে টমেটোবোঝাই ট্রাক আসে ১৫ থেকে ২০ হাজার টাকা ভাড়ায়। কিন্তু আজ (রোববার) আসার জন্য বেপারিরা ছয় হাজার টাকা বেশি দিতে চাইলেও ট্রাকচালকেরা ঢাকায় আসতে চাচ্ছেন না।কয়েকজন আড়তদার বলেন, মফস্বলে বেপারিদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানতে পেরেছেন, মহাসমাবেশের কারণে বেপারিরা সবজি নিয়ে ঢাকায় আসতে চাচ্ছেন না। কারণ, ঢাকায় এসে যদি আর বের হতে না পারেন, সে আশঙ্কায় তাঁরা সবজি নিয়ে আসতে আগ্রহী নন।